দিনাজপুরের হাকিমপুরের হিলিতে মাদকের পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বারদিন ইসলাম বাতেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পলাতক রয়েছেন। তবে তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার রাত ৮টায় হিলির মাঠপাড়াতে এই ঘটনা ঘটে।
নিহত বাতেন ওই এলাকার মৃত আবু তালেবের ছেলে। রাতে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহতের ছোট ভাই ইনছান ও মাদক ব্যবসায়ী ইমনের মাঝে মাদক বিক্রির টাকা নিয়ে বেশ কয়েক দিন ধরে ঝামেলা চলে আসছিল। গতকাল শুক্রবার বিকেলে বাতেন বিষয়টি নিয়ে তাদের দুজনের সঙ্গে বসে কথা বলে মীমাংসা করে দেন।
সন্ধ্যায় আবারও এ নিয়ে কথা-কাটাকাটির জের ধরে ইমন মোটরসাইকেলযোগে তিনজনকে সঙ্গে নিয়ে মাঠপাড়া শামীমের দোকানের সামনে নেমে সেখানে বসে থাকা অবস্থায় বাতেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় স্থানীয় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
হাকিমপুর থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, হিলির মাঠপাড়াতে বারদিন ইসলাম নামের এক যুবককে ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
তবে কি নিয়ে এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। ঘটনা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
