সিরাজগেঞ্জের তাড়াশ উপজেলায় বাস ও দুটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের খালকুলা এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আনসার বাহিনীর পিসি আব্দুল আজিজ রয়েছেন। তিনি রাজশাহীর বাগমারা থানার সোনাডাঙ্গা গ্রামের মৃত আতাবর রহমানের ছেলে ও পাবনার রূপপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কর্মরত ছিলেন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান বলেন, শনিবার দুপুরে রাজশাহী থেকে ঢাকাগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী কোচ এ মহাসড়কের খালকুলা এলাকায় পৌঁছে অন্য লেনে ঢুকে গিয়ে দাঁড়ানো ট্রাকসহ অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। ফলে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের তিনজন যাত্রী নিহত ও ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এছাড়া নিহতদের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। পরে বাসের চালক খালকুলা ওহী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার নাম জানা যায়নি।
