নারায়ণগঞ্জের ফতুল্লায় বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৭ বছর বয়সী এক কিশোরী। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৪ জুলাই) রাতে পাগলা বৈরাগি বাড়ি এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরী বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে শনিবার (১৫ জুলাই) থানায় মামলা দায়ের করেছে।
মামলার আসামিরা হলো পাগলা বৈরাগী বাড়ি এলাকার মৃত নগেন মন্ডলের ছেলে অজয় মন্ডল (২৬), একই এলাকার কসাইয়ের পুত্র শাওন (২৭) ও ইদ্রিস আলীর পুত্র রনি (১৮)।
মামলার অভিযোগে জানা গেছে, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার নাজিরবাগ এলাকায় বসবাস করেন বাদি। তিনি ১ সন্তানের জননী, তিন মাস পূর্বে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। তারপর থেকে তিনি কেরানীগঞ্জে বাবার বাড়িতেই বসবাস করছেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে পাগলা বৈরাগী বাড়ি এলাকায় বান্ধবী শ্রাবন্তীর বাড়িতে বেড়াতে আসেন এবং সেখানেই রাত্রি যাপন করেন। পরদিন শুক্রবার সকালে তিনি নয়মাটি এলাকায় তার বড় বোনের বাসায় বেড়াতে যান। সেখান থেকে রাত আটটার দিকে ফের বান্ধবীর বাড়িতে চলে আসেন। রাত পৌনে দশটার দিকে বান্ধবীর বাড়ির পাশের দোকানে খাবার কিনতে গেলে অভিযুক্তরা তার গলায় ছুরি ঠেকিয়ে অভিযুক্ত শাওনের বাসায় নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। রাত একটার দিকে তার জ্ঞান ফিরে এলে তাকে বাসা থেকে বের করে দেয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ ফাড়ির ইনচার্জ বিপ্লব জানান, মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আদালতে পাঠানো হয়েছে।
