যুক্তরাষ্ট্র এই প্রথম দেশব্যাপী তিন সংখ্যার মানসিক স্বাস্থ্য সংকট হটলাইন চালু করল, যা মানসিক স্বাস্থ্যের জরুরি অবস্থা বা আত্মহত্যার চিন্তার সম্মুখীন ব্যক্তিদের প্রশিক্ষিত পরামর্শদাতাদের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন করবে। দ্য সাবস্ট্যান্স অ্যাবিউজ অ্যান্ড মেন্টাল হেলথ সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (এসএএমএইচএসএ) জানিয়েছে, গতকাল শনিবার থেকে ৯৮৮ নম্বরটি আত্মহত্যা ও জীবনের সংকটময় মুহূর্তে ব্যবহার করা যাবে। ঝুঁকিপূর্ণ জীবনে মানুষের আরও যতœ নেওয়ার জন্য এই ব্যবস্থা বলে জানা গেছে। তবে সেবা পেতে যুক্তরাষ্ট্রের জরুরি নম্বর ৯১১-এ ডায়াল করে তারপর ওই নম্বর চাপতে হবে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবাবিষয়ক সেক্রেটারি জেভিয়ের বেসেররা গত শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ৯৮৮ শুধু সংখ্যা নয়, একটি বার্তাও। তিনি বলেন, ‘আমরা মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছি এবং আমেরিকানদের আরও সম্পৃক্ত করতে চাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এখনো অনেক কাজ বাকি আছে। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমরা চালু করছি যেটি সেটি ৯৮৮ লাইভলাইন হবে। দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য প্রত্যেক গভর্নর ও অঙ্গরাজ্যকে পাশে চান তারা।
আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সংকটের জন্য নতুন তিন সংখ্যার ডিজিট ২০২০ সালের একটি বিলে অনুমোদিত হয়। এই বিলে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছিলেন।
২০২১ সালের জানুয়ারি থেকে বাইডেন-হ্যারিস প্রশাসন ৯৮৮ ট্রানজিশনকে সমর্থন করার জন্য অভূতপূর্বভাবে বিনিয়োগ করেছে। আমেরিকানদের মানসিক স্বাস্থ্য সংকটের সময় সহায়তা নিশ্চিত করতে ৪৩২ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বাইডেন প্রশাসন।
নতুন সিস্টেমটি একটি বিদ্যমান প্রোগ্রামের ভিত্তিতে তৈরি হবে। জাতীয় আত্মহত্যা প্রতিরোধ লাইফলাইন, যা মার্কিন যুক্তরাষ্ট্রে ২০০টিরও বেশি কেন্দ্রে চালু আছে। তবে পুরনো নম্বর, ১-৮০০-২৭৩-৮২৫৫৫-এ কল, ৯৮৮ আসার পরও চলবে। রোগীরা চাইলে ৯৮৮ নম্বরে টেক্সট মেসেজও পাঠাতে পারবেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে আত্মহত্যার হার বেশ বেড়েছে। ২০১৮ সালের এক পরিসংখ্যান বলছে, দেশটিতে আত্মহত্যার হার ১৭ বছরে ৩০ শতাংশ বেড়েছে। তবে আত্মহত্যার হার বাড়ার পেছনে একক কোনো কারণ নেই বলে গবেষকরা বলছেন। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ধরনের বিষয় কাজ করে আত্মহত্যা করার ক্ষেত্রে।
