পানি ও ঔষধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ওয়ার্ডে ওয়ার্ড এ কর্মসূচি পালন করবে।
মঙ্গলবার (১৯ জুলাই) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এ সরকার বিশুদ্ধ পানি দিতে পারে না। অথচ এ পর্যন্ত ১৫ বার পানির দাম বাড়িয়েছে। অন্যদিকে মানুষের চিকিৎসা ব্যয় দীর্ঘদিন ধরেই বাড়ছে। এরই মধ্যে ৫৪টি প্রয়োজনীয় ঔষধের দাম বাড়িয়েছে।
ফখরুল বলেন, বন্যার কারণে আমাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছিল। গতকাল সোমবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় সাংগঠনিক কার্যক্রম পুনরায় শুরুর সিদ্ধান্ত হয়েছে।
গত সোমবার স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
