পশ্চিমবঙ্গের কালীপূজা নিয়ে চিন্তিত মোদি

আপডেট : ১৯ জুলাই ২০২২, ০২:০১ পিএম

কিছুদিন আগে দেবী কালীকে নিয়ে প্রচারিত একটি চলচ্চিত্রের পোস্টার তোলপাড় তোলে ভারতে। বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হলেও তৃণমূল এ বিষয়ে নমনীয় ছিল। সেই তর্ক থিতিয়ে গেলেও ফের উসকে দিতে চায় বিজেপি। তেমনই ইঙ্গিত দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আনন্দবাজার পত্রিকা জানায়, সোমবার ছিল সংসদের ব্যস্ততম একটি দিন। এক দিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটদান, অন্যদিকে চলছে উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার পর্বও। এ সবের মাঝেও মোদি পশ্চিমবঙ্গে কালীপূজা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন!

এদিন দুপুরে উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড় মনোনয়নপত্র জমা দেওয়ার পর মোদি তাকে নিয়ে হেঁটে আসছিলেন সংসদ ভবনের করিডর দিয়ে। উল্টো দিক থেকে আসছিলেন বিজেপির হুগলির সংসদ সদস্য লকেট চট্টোপাধ্যায়। মুখোমুখি হতেই মোদি তাকে বলেন, বাংলায় মা কালীর পূজা ঠিক মতো হচ্ছে তো? লকেট বলেন, ঠিক মতোই কালী অর্চনা হচ্ছে।

মূলত কালীকে নিয়ে একটি ছবির পোস্টার ঘিরে বিতর্কের মধ্যেই তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্রের একটি মন্তব্যকে রাজনৈতিক হাতিয়ার করেছে বিজেপি। বিজেপিশাসিত বেশ কিছু রাজ্যের থানায় মহুয়ার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ দায়ের হয়েছে। সেই বিতর্কের মধ্যেই, দিন দশেক আগে প্রধানমন্ত্রী মোদি কলকাতার একটি অনুষ্ঠানে ভিডিও-বার্তায় কালী বন্দনা করেন। সেই কথা উল্লেখ করে আবার মহুয়াকে আক্রমণ করেন বিজেপি নেতা অমিত মালবীয়, যার জবাবও দেন মহুয়া। মোদির বার বার কালী প্রসঙ্গের অবতারণা এই ঘটনার সঙ্গে যুক্ত বলেই মনে করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতৃত্ব চলতি অধিবেশনে কালী বিতর্ককে সামনে এনে তৃণমূল নেতৃত্বকে কোণঠাসা করতে চায়। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘কালীকে অবমাননা করার বিষয়টি নিয়ে এই অধিবেশনে তৃণমূল নেতৃত্বের কাছে জবাবদিহি চাওয়া হবে। এই নিয়ে সংসদে ধারাবাহিকভাবে জিরো আওয়ারে সরব হওয়ারও কৌশল নিয়েছে দল।’

এর আগে পশ্চিমবঙ্গে দুর্গা এবং সরস্বতী পূজা নিয়েও তৃণমূলকে চাপে ফেলার চেষ্টা করেছিল বিজেপি। তবে সেই কৌশল সফল হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত