মিরসরাইয়ে দেশের প্রথম মডেল আশ্রয়ণ প্রকল্প

আপডেট : ২১ জুলাই ২০২২, ১২:০২ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারের নিজস্ব ক্রয়কৃত জমিতে ১০৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে দেশের প্রথম মডেল আশ্রয়ণ প্রকল্প। উপজেলা সদরের মিরসরাই ইউনিয়নের কিছমত জাফরাবাদ এলাকায় ২ দশমিক ৬০ একর জমিতে গড়ে তোলা হয়েছে এ আশ্রয়ণ প্রকল্প। এই মডেল প্রকল্পে গৃহহীনদের জন্য বসতঘরের পাশাপাশি রয়েছে পুকুর, মসজিদ, খেলার মাঠ ও কবরস্থান। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপহারের ঘরগুলো আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হস্তান্তর করার কথা রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মিরসরাই উপজেলায় সরকারি খাসজমির স্বল্পতা থাকায় ব্যক্তিগত জমি ক্রয় করে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। ইতিপূর্বে সরকারি খাসজমিতে আশ্রয়ণ প্রকল্প হলেও ক্রয়কৃত জমিতে দেশে এটিই প্রথম। ১০৯টি পরিবারের জন্য ২ দশমিক ৬০ একর জমি ক্রয় বাবদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ক্রয়কৃত জমিতে ১০৯টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা। এখানে ভূমিহীনদের বসবাসের জন্য থাকবে পুকুর, মসজিদ, খেলার মাঠ ও কবরস্থান। পর্যায়ক্রমে এগুলো নির্মাণ করা হবে। এখানে বসবাসের উপযোগী সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

গত সোমবার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে আসেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এসময় তিনি সাংবাদিকদের বলেন, মুজিববর্ষ উপলক্ষে মিরসরাইয়ে ৩৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ৫০টি, দ্বিতীয় পর্যায়ে ২৫টি এবং তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ২০টি ঘর প্রদান করা হয়েছে। আগামী ২১ জুলাই আরও ১০৯টি পরিবারকে ঘর হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত