সাগরে নিখোঁজ স্কুলছাত্র পর্যটকের লাশ উদ্ধার

আপডেট : ২১ জুলাই ২০২২, ০১:৩১ এএম

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক স্কুলছাত্র আবদুল্লাহর (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জালিয়াপালং ডেইলপাড়া সৈকত পয়েন্ট থেকে তাকে উদ্ধার করা হয়। কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার জালিয়াপালং ডেইলপাড়া এলাকায় সাগর তীরে ভেসে আসে স্কুলছাত্র আবদুল্লাহর লাশ। ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। নিখোঁজ স্কুলছাত্র আব্দুল্লাহকে উদ্ধার অভিযানে ইনানীসহ আশপাশে সাগরে কোস্ট গার্ড সী সেইফ লাইফ গার্ড ফায়ার সার্ভিসের টিম অংশ নেয়।

গতকাল বেলা ১১টার দিকে আব্দুল্লাহ নিখোঁজ হয়। নিখোঁজ আব্দুল্লাহ ঢাকার মহাখালীর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ও এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার পিতা সেনাবাহিনীতে কর্মরত একজন ডাক্তার বলে জানা গেছে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, পরিবারের সঙ্গে বেড়াতে এসে তারা উখিয়ার ইনানী হোটেল রয়েল টিউলিপে উঠেছিল। অভিভাবকদের না জানিয়ে ইনানীর সমুদ্রসৈকতে চার কাজিন মিলে গোসল করতে নামে আব্দুল্লাহ। গোসল সেরে তিনজন উপরে উঠতে পারলেও আবদুল্লাহ সাগরের ঢেউয়ের তোড়ে ডুবে যায়। দীর্ঘ ৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর আব্দুল্লাহর লাশ ডেইলপাড়া সৈকত এলাকা থেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত