টাঙ্গাইলের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রানুয়ারা খাতুনের ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে টাকা দাবি করা যুবককে আটক করেছে সদর মডেল থানা-পুলিশ।
এ ঘটনায় শুক্রবার রাতে টাঙ্গাইল মডেল থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন ইউএনওর অফিসের জারিকারক মো. চাঁন মামুদ।
পরে সদর মডেল থানা-পুলিশ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভারড়া গ্রামের রকমত আলীর ছেলে বিজয় খানকে মির্জাপুর থেকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা যায়, ইশরাত জাহান সিনথিয়া নামের ফেসবুক আইডি তৈরি করে তাতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনের ছবি ব্যবহার করে বিজয় খান আইডিটি ব্যবহার করে আসছিলেন।
ফেসবুকের তালিকায় থাকা বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশ নম্বরের মাধ্যমে বিভিন্ন পরিমাণের অর্থ দাবিপূর্বক আয় করে আসছিলেন তিনি।
বিষয়টি ইউএনও জানতে পেরে নিজস্ব ফেসবুক আইডিতে তার নাম ব্যবহারকারী কারও সঙ্গে অবৈধ অর্থ লেনদেন করতে নিষেধ করে পোস্ট করেন।
একপর্যায়ে ইশরাত জাহান সিনথিয়া নামীয় ফেসবুক আইডি বন্ধু তালিকা থাকা কয়েকজনের কাছে টাকা দাবি করেন ওই যুবক। বিষয়টি পুলিশকে অবগত করলে তাকে গ্রেপ্তার করা হয়।
ইউএনও রানুয়ারা খাতুন বলেন, আমার ছবি ব্যবহার করে তৈরি আইডি থেকে চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের বিষটি আমি অবগত হই। এ সময় আমার ব্যক্তিগত ও অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে সতর্কমূলক পোস্ট দেই। পরে সদর মডেল থানা-পুলিশ তাকে মির্জাপুর থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
টাঙ্গাইল সদর মডেল থানার এসআই সুবল চন্দ্র পাল বলেন, ওই প্রতারককে শুক্রবার রাতেই মির্জাপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলেও তিনি জানান।
