বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান আর নেই

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১০:৩৭ এএম

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় শুক্রবার (২২ জুলাই) মাঝরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন মরহুমের স্টাফ অফিসার মাহমুদুন নবী।

কামরুজ্জামানের মৃত্যুতে বাংলাদেশ  ফিল্ম আর্কাইভ গভীর শোক প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

মাহমুদুন নবী দেশ রূপান্তরকে বলেন, মহাপরিচালক মহোদয় বেশ কিছুদিন ধরেই পেনক্রিয়াস ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত ৪ জুলাই থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন।

প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আহম্মদ কামরুজ্জামান গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে চলতি দায়িত্ব গ্রহণ করেন । এর আগে ১১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত একই দায়িত্ব পালন করেন।

আহম্মদ কামরুজ্জামান ১৯৮৭ সালে সপ্তম বিসিএসের মাধ্যমে তথ্য ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে বাংলাদেশ বেতারে যোগদান করেন।

১৯৮৭ সালের ১ এপ্রিল বাংলাদেশ বেতার খুলনায় যোগদানের মাধ্যমে তার চাকরিজীবনের সূচনা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে গবেষণা ও গ্রহণ কেন্দ্র, ‍উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র-১, মহাশক্তি প্রেরণ কেন্দ্র, ক্ষুদ্রতরঙ্গ প্রেরণ কেন্দ্র, জাতীয় বেতার ভবন, পরিকল্পনা শাখা, কারিগরি কার্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নিজের মেধা ও পরিশ্রমের স্বাক্ষর রেখে তিনি বাংলাদেশ বেতারকে সমৃদ্ধ করেছেন। তিনি ২০১৪ সালের ১৪ অক্টোবর বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেন। হাল প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ বেতারকে শ্রোতাদের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার অবদান রয়েছে।

আহম্মদ কামরুজ্জামান যশোর জেলায় ১৯৬৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষায় যশোর বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪র্থ স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি ভারত সরকারের স্কলারশিপ নিয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব টেকনোলজি, ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং-এ প্রথম শ্রেণিতে স্নাতক সম্পন্ন করেন।

আহম্মদ কামরুজ্জামান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও তুর্কমেনিস্তানে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক এবং তার স্ত্রী শাহনাজ পারভীন একজন গৃহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত