বিএনপির কর্মী সম্মেলনে বাধা দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন: সালাম

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০৬:০৮ পিএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ওয়ার্ড সম্মেলন চলছে। আজ শনিবার ওয়ারী থানার ৩৮,৩৯ ও ৪১ নম্বর ওয়ার্ডের সম্মেলন গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে হওয়ার কথা ছিলো। সম্মেলনের জন্য আগে থেকে পুলিশের অনুমতি নেওয়া হয়েছিলো। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অসহযোগিতার কারণে সেখানে সম্মেলন করতে পারেনি বিএনপি নেতারা। 

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু দেশ রূপান্তরকে বলেন, কর্মী সভা করার জন্য পুলিশ আমাদের অনুমতি দিয়েছিলো। কিন্তু সিটি কর্পোরেশন কমিউনিটি সেন্টারের ভাড়া না দেওয়ায় আমরা কর্মী সম্মেলন করতে পারিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে সালাম অভিযোগ করে বলেন, সরকারের মন্ত্রী, এমপি ও মেয়ররা মানুষের কন্ঠরোধ করার জন্য এমন ঘৃণ্য পথ বেছে নিয়েছে। তবে সরকারের সময় ঘনিয়ে এসেছে এসব প্রতিকুলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার।

তিনি বলেন, ভবিষ্যতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এহেন আচরণ করা হলে তা বিএনপির নেতাকর্মীরা সহ্য করবে না। সিটি কর্পোরেশনের হল-কমিউনিটি সেন্টার অনুষ্ঠান আয়োজনে বাধা দিলে নাগরিকরা মেনে নেবে না।

আব্দুস সালাম বলেন, সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে আমরা কর্মী সম্মেলন করতে পারিনি। পরে গোপীবাগে সাদেক হোসেন খোকার বাসায় কর্মী সম্মেলন করি আমরা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, আমরা এখনও নিয়মের মধ্যে আছি। নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ দল হিসেবে আমরা নিয়মের মধ্যে থাকতে চাই। কিন্তু সরকার যদি বাধ্য করে আমরা ভবিষ্যতে সরকারের অন্যায় অনিয়ম মেনে নেবো না।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সাংগঠকি টিম-৭ এর প্রধান ও নগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ আরেফ, আরিফুর রহমান নাদিম, লতিফ উল্লাহ জাফরু, নাসরিন রশীদি পুতুল, জামশেদী আলম শ্যামলসহ মহানগর ও স্থানীয় বিএনপি এবং স্থানীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত