মোংলায় আমদানিকৃত রিকন্ডিশন্ড গাড়ির যন্ত্রাংশ চুরি, আটক ৩

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৩:১০ পিএম

মোংলা বন্দরে আমদানি করা রিকন্ডিশন্ড গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরির মালামাল উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টায় বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের সদস্যরা তাদেরকে আটক করেন।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম বাদী হয়ে মোংলা থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- পিরোজপুর জেলা সদরের দেলোয়ার হোসেনের ছেলে মো. রাজু (৩০), বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুলতান আহম্মেদের ছেলে মো. জসিমউদ্দীন ও খুলনার বটিয়াঘাটা উপজেলার হুমায়ূন কবিরের ছেলে ফাহিম শেখ (২৫)।

মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) লে. কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদি জানান, একটি চক্র এ বন্দরের সুনাম ক্ষুণ্ন করতে এসব অপকর্ম করে আসছিলেন। ওই চক্রের সদস্যরাই সোমবার রাতে গাড়ীর  ড্রাইভার ও শ্রমিক সেজে জেটির ভেতরে ঢুকে পড়েন। পরে তারা বন্দরে আমদানি হওয়া রিকন্ডিশন্ড গাড়ির বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ খুলে পিকআপ গাড়িতে উঠিয়ে বের হওয়ার সময় নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়েন।

এ সময় আটকদের ব্যবহৃত খুলনা মেট্রো- ন ১১-০৭০৭ নম্বরের পিকআপটি থেকে চারটি নেভিগেশনাল সফটওয়্যার এসডি কার্ড, দুইটি রিমোট চাবি, চারটি চার্জার, একটি চার্জার ক্যাবল, তিনটি পেনড্রাইভ, একটি সিগন্যাল লাইট, একটি ক্যামেরা, ১৪ টি কার্টার ব্লেড ও একটি ছাতা জব্দ করা হয়।

এ ঘটনায় আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে মোংলা থানায় মামলা দেওয়া হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গাড়ির যন্ত্রাংশ চুরির দায়ে বন্দর কর্তৃপক্ষ তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে মঙ্গলবারই জেলহাজতে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত