নজরুলসংগীতের কিংবদন্তি শিল্পী প্রয়াত ফিরোজা বেগম। এই শিল্পীকে স্মরণীয় করে রাখতে এসিআই ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ^বিদ্যালয়ে প্রবর্তিত হয় ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড। প্রখ্যাত এই কণ্ঠশিল্পীর জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাতে এই ট্রাস্ট ফান্ড থেকে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ প্রবর্তন করে ঢাকা বিশ^বিদ্যালয়। দেশের কীর্তিমান শিল্পীদের সম্মান জানাতে ও দেশীয় শুদ্ধ সংগীত চর্চার প্রতি নতুন প্রজন্মকে উৎসাহ দিতে এই প্রয়াস। উল্লেখ্য যে, সংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে সাবিনা ইয়াসমিন, ২০১৭ সালে রেজওয়ানা চৌধুরী বন্যা, ২০১৮ সালে রুনা লায়লা, ২০১৯ সালে ফরিদা পারভীনকে এই পদকে ভূষিত করা হয়। করোনার কারণে গত দুই বছর এই পুরস্কার প্রদানের আয়োজন করতে না পারায় এ বছর একই সঙ্গে ২০২০ সালের জন্য বিশিষ্ট সংগীতশিল্পী ফেরদৌসী রহমান ও ২০২১ সালের জন্য সৈয়দ আব্দুল হাদীকে এই পুরস্কার দেওয়া হলো। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২০ ও ২০২১ সালের বি.এ. সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী দু’জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে স্বর্ণপদক প্রদান করা হবে।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছ থেকে ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদী এই পদক গ্রহণ করেন। ফিরোজা বেগমের সহোদর ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি অতীত রোমন্থন করে সংগীতের প্রতি ফিরোজা বেগমের নিষ্ঠা, ত্যাগ ও চর্চার কিছু স্মৃতি তুলে ধরেন। ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ এর জন্য মনোনীত করায় শিল্পী ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদী জুরিবোর্ডের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন) ও কোষাধ্যক্ষ (দায়িত্বপ্রাপ্ত) এবং ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. দেবপ্রসাদ দাঁ।
