নরসিংদীর মাধবদীতে পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব- ১১।
বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।
এর আগে বুধবার মাধবদী থানার আনন্দী চৌরাস্তা ও খেজুরতলা গার্লস স্কুল এলাকা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নরসিংদী জেলার সদর থানার নগর বানিয়াদি গ্রামের রাজিম মিয়ার ছেলে মো. রহমত উল্লাহ (২০), মাধবদী থানার ছোট মাধবদী (সিদ্দিক নগর) গ্রামের নুরু মিয়ার ছেলে শাহ জাহান মিয়া (২১), ছোট মাধবদী (বামুর মাঠ আইসক্রিম ফ্যাক্টরি) গ্রামের নুরুল ইসলামের ছেলে হৃদয় মিয়া (১৯), কুমিল্লা জেলার দেবিদ্বার থানা বাতসা গ্রামের মৃত কাজী ফজলু হকের ছেলে কাজী মিজানুর রহমান (২০) ও কিশোরগঞ্জ জেলার সদর থানার পাইকান্দি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে মাহফুজ (৩৩)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে নরসিংদী জেলার মাধবদী থানা এলাকা হতে বিভিন্ন ধরনের গাড়ি চালকদের’কে আঘাত এবং ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বলপূর্বক চাঁদা আদায় করে আসছে।
এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে বুধবার চাঁদা আদায়ের সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করে র্যাব-১১।
এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ৮ হাজার ৫০০ টাকা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের মাধবদী থানায় আলামতসহ নিয়মিত মামলার জন্য হস্তান্তর করা হয়েছে।
