বিবস্ত্র করে আওয়ামী লীগ নেতাকে পেটানোর অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১০:০৩ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে নাছির উদ্দিন নামে আওয়ামী লীগের এক নেতাকে বিবস্ত্র করে পেটানোর অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানাসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। 

ঘটনার ১০ দিন পর ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ভূক্তভোগী নাছির উদ্দিন বাদী হয়ে বুধবার (২৭ জুলাই) রাতে মিরসরাই থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা ছাড়া ইমাম হোসেন শেখ, শাখাওয়াত হোসেন, সাঈদ হোসেন, সাইফুল ইসলাম, মিনহাজ উদ্দিন, আবদুর রউফ, এমজাদ হোসেন আয়েচ, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান ও নুরের ছাপাসহ অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করা হয়েছে। 

আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন মামলার এজাহারে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে নাছির উদ্দিনকে তাদের ওয়ারিশী সম্পত্তি যুবলীগ সভাপতি মাইনুর ইসলাম রানার কাছে বিক্রির প্রস্তাব দিয়ে আসছে। তার প্রস্তাবে বারবারই অনীহা প্রকাশ করায় গত ১৭ জুলাই দুপুরে মাইনুর ইসলামের নেতৃত্বে ১০-১২ জন উশৃঙ্খল যুবক হাদি ফকির হাটে তার পথরোধ করে এবং অতর্কিত মারধর শুরু করে। একপর্যায়ে তার হাত বেঁধে টেনেহিঁচড়ে বাজারের দক্ষিণ পাশে পরিত্যক্ত একটি স’মিলে আটকে রেখে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। এ সময় তারা নাছিরকে বিবস্ত্র করে ফেলে। প্রায় ৪৫ মিনিট তারা নাছিরের ওপর নির্যাতন চালায় এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে প্রথম সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

চিকিৎসা ও পারিবারিকভাবে সিদ্ধান্ত নিতে গিয়ে মামলা দায়েরে কিছুটা সময় নিয়েছেন বলে জানান নাছির উদ্দিন।

এ বিষয়ে মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা বলেন, ঘটনা ঘটেছে আমার চাচাতো ভাইদের সাথে। বিষয়টি একান্তই পারিবারিক ঘটনা। এখন আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

তিনি বলেন, নাছিরদের সাথে আলাপ আলোচনা চলছে, একটা সমাধান হবে নিশ্চয়ই।

মিরসরাই থানার এসআই রাজিব পোদ্দার জানান, নাছির উদ্দিন নামে একব্যক্তি বুধবার (২৭ জুলাই) রাতে মাইনুর ইসলাম রানাসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত