অমিত হাবিবের মৃত্যুতে আওয়ামী লীগ নেতাদের শোক

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০১:৩৭ এএম

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। 

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ব্যক্তিগত বার্তায় অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক জানান।

তারা রহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বৃহস্পতিবার রাত ১১টার পরে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অমিত হাবিবের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

 তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া দেশের সাংবাদিকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শোক প্রকাশ করেন। অনেকে ছুটে যান নিউরোসায়েন্স হাসপাতালে।  

গত বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয় অমিত হাবিবকে। দেশ রূপান্তরে অফিসে কাজ করা অবস্থায় তিনি স্ট্রোক করেন। এর আগেও তিনি একবার স্ট্রোক করেছিলেন।

চিকিৎসকরা জানিয়েছিলেন, তার হেমোরেজিক স্ট্রোক হয়েছে। ওনার রক্তনালী ছিঁড়ে গিয়ে ব্রেইনের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়েছে।

অমিত হাবিব ১৯৬৩ সালের ২৩ অক্টোবর ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজির বেড় গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত খন্দকার ওয়াহেদুল হক, মা মৃত শামসুন নাহার বকুল। তার বাবা মহেশপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। ওয়াহেদুল হকের তিন সন্তানের মধ্যে অমিত হাবিব ছিলেন সবার বড়। তার অপর দু ভাই ফয়জুল হাবিব ও মেহেদি হাসান।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত