দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, নিভৃতে থাকা এই সাংবাদিক নেপথ্যে থেকে যেমন অসংখ্য সাংবাদিক তৈরি করেছেন, তেমনি বাংলাদেশের গণমাধ্যমে নতুন ধরনের সাংবাদিকতায় তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ রূপান্তর পত্রিকা প্রকাশ করে তিনি সুধীজনের প্রশংসা অর্জন করেছিলেন। দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে লিখে গেছেন। তাঁর মৃত্যু তাঁর সতীর্থদের জন্য খুবই বেদনার। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। পরম করুণাময় আল্লাহর দরবারে মোনাজাত করি তিনি যেন তাঁকে জান্নাতবাসী করেন।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম অমিত হাবিব এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স এ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমিত হাবিব ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
