খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, আহত ২

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০৯:৩০ এএম

শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সিজান আকন (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোংসিং মাদবর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ছাড়া সিজানের দুই বন্ধুও ছুরিকাঘাতে আহত হন। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সিজান নড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোংসিং গ্রামের বিল্লাল আকনের ছেলে। তিনি নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

আহত মুন্না ছৈয়াল (১৯) একই গ্রামের আবুল ছৈয়ালের ছেলে। তিনি মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং আসিফ ব্যাপারী (১৮) ওই গ্রামের আবদুর রব ব্যাপারীর ছেলে। তিনি নড়িয়া উপসী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ, নিহতর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া পৌরসভার পশ্চিম লোংসিং মাদবর বাজারে বন্ধুদের নিয়ে ফ্রি ফায়ার গেম খেলছিলেন সিজান আকন।

এ সময় স্থানীয় লাবিব ছৈয়াল (২৫) তার বন্ধু ইব্রাহিম জয় (২২), রাহিম হাওলাদার (২৪) ও নাহিম ছৈয়াল (২২) গেম খেলছিলেন।

তখন খেলা নিয়ে সিজান ও লাবিবের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাবিব সিজানকে বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাকে উদ্ধার করতে এলে সিজানের বন্ধু মুন্না ছৈয়াল ও আসিফ ব্যাপারী আহত হয়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে সিজান আকনকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আহত মুন্না ও আসিফ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রাতেই ইব্রাহিম জয় ও রাহিম হাওলাদারকে আটক করেছে নড়িয়া থানা-পুলিশ।

নড়িয়া পৌরসভা যুবলীগের সভাপতি মোতালেব ব্যাপারী দাবি করেন, লাবিব ছৈয়াল, ইব্রাহিম জয়, রাহিম হাওলাদার, নাহিম ছৈয়ালসহ কয়েকজন মিলে সিজান আকনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমি হত্যাকারীদের শাস্তি দাবি করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়িয়া থানার ওসি মাহবুব আলম বলেন, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত