ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০৩:০৭ পিএম

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের  বৈইলারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান জানান, সকালে স্থানীয়রা বৈইলারকান্দি গ্রামে ভূইয়া বাড়ির রাস্তার পাশে বৈদ্যুতিক পোলের উপর অজ্ঞাত একজনকে ঝুলে থাকতে দেখেন।

এ ঘটনায় আশপাশের হাজারো উৎসুক জনতা ভিড় জমায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে  ফায়ার সার্ভিস এসে  বৈদ্যুতিক খুঁটি থেকে মৃতদেহ নামিয়ে আনে।

পল্লী বিদ্যুৎ সমিতি আরও  জানায়, একটি চক্র বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করছে। নিহত ব্যক্তিও ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তবে নিহতের সঙ্গে একটি এনড্রয়েড মোবাইল, একটি প্লাস ও একটি স্ক্রুড্রাইভার পাওয়া যায়। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত