চাঁদপুরে ২ বছরের শিশুকে ঝাড়ু দিয়ে পিটিয়ে নির্মমভাবে নির্যাতনের দায়ে আপন মাকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেখে তাৎক্ষণিক তাকে উদ্ধার করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.হুমায়ন রশিদ ও ওসি আব্দুল মান্নান।
পরে ওই শিশুটিকে শাহরাস্তি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় এবং তার মা পারভিন আক্তারকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেন শিশুর দাদা আব্দুল করিম।
বুধবার দুপুরে শাহরাস্তি থানার আমলি আদালতের বিচারক শফিকুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শিশুর বিষয়ে বৃহস্পতিবার আদালত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শাহরাস্তি থানার ওসি আব্দুল মান্নান।
বর্তমানে শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ন রশিদ বলেন, মঙ্গলবার শিশু নির্যাতনের একটি ভিভিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে আমরা খোঁজ নিয়ে হারিয়া গ্রামে শিশুর মায়ের বাড়ি থেকে তাকে উদ্ধার করি। পরে শিশুর মা থেকে জানতে পারি তার স্বামী মাহিন উদ্দিন সৌদি আরব থাকেন। কিন্তু গত কয়েক মাস ধরে বিদেশ থেকে কোনো টাকা পাঠান না। এ জন্য শিশুর মা সোমবার তার নিজের সন্তানকে লাঠি, ঝাড়ু ও পা দিয়ে লাথি মেরে পিটিয়ে রক্তাক্ত জখম করে ভিডিও বানিয়ে তার স্বামীকে পাঠান। মঙ্গলবার রাতে ফেসবুকে এ ভিডিও পেয়ে শাহরাস্তি থানার ওসিকে নিয়ে শিশুটি উদ্ধার করি। এ সময় তার মাকে থানায় পুলিশের হেফাজতে দেওয়া হয়।
শিশুটির মা পারভিন আক্তার জানান, ২০১৯ সালে তাদের বিয়ে হয়। কিন্তু স্বামীর পরিবার সেটি মেনে নেয়নি। দেড় বছর আগে তার স্বামী সৌদি আরব যান। লিগ্যাল এইড এর মাধ্যমে প্রতি মাসে ৮ হাজার টাকা স্ত্রী-সন্তানের ভরণপোষণ দেওয়া কথা থাকলেও গত তিন মাস ধরে তার স্বামী টাকা দিচ্ছেন না। এ কারণে রাগে-ক্ষোভে সে তার সন্তানকে মারধর করে তার একটি ভিডিও স্বামীকে পাঠান। কিন্তু পরবর্তীতে স্বামীর পরিবারের লোকজন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।
শাহরাস্তি থানার ওসি আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে আমরা শিশু ও তার মাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির দাদা আব্দুল করিম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পরে বুধবার দুপুরে আদালতে তোলা হলে বিচারক মাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। শিশুটির বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
