তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া শুরু

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১২:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শিপিং লাইনগুলোকে অবরোধ করে শক্তি প্রদর্শনে চীন বৃহস্পতিবার তাইওয়ানকে ঘিরে তার সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে। চীন দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে বহু বছর ধরেই তার অঞ্চল হিসেবে দাবি করে আসছে।

চীনের ক্রমবর্ধমান কঠোর হুমকি উপেক্ষা করে পেলোসি বুধবার সন্ধ্যায় ২৪ ঘন্টারও কম সময়ের সফর শেষে তাইওয়ান ত্যাগ করেছেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দক্ষিণ কোরিয়ার উদ্দেশে তাইওয়ানের রাজধানী তাইপের বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১১টায় তিনি তাইওয়ান যান।

গত ২৫ বছরের মধ্যে প্রথম শীর্ষ মার্কিন কর্মকর্তা হিসেবে স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলেন।

পেলোসির  ভ্রমণে চীন তীব্র  ক্ষোভ ও প্রতিক্রিয়া প্রকাশ করেছে। পেলোসির সফরের মাধ্যমে যারা চীনকে বিক্ষুব্ধ করেছে তাদের ‘শাস্তি দেওয়ার’ অঙ্গীকার ঘোষণা করেছে এবং তাইওয়ানের চারপাশের সমুদ্রে বিশ্বের ব্যস্ততম জলপথজুড়ে সামরিক মহড়ার ঘোষণা দেয়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় এই মহড়া শুরু হয়। এতে ‘লাইভ-ফায়ার ড্রিলসহ প্রশিক্ষণ কার্যক্রম’ অন্তর্ভুক্ত রয়েছে। তাইওয়ান ঘিরে একাধিক এলাকায় একই সময়ে মহড়া শুরু হয়েছে। এসব মহড়া এলাকার কোনো কোনওটি তাইওয়ান ভূখন্ডের ২০ কিলোমিটার (১২ মাইল) কাছাকাছি জলসীমায় পড়েছে। রবিবার দুপুরে এই মহড়া শেষ হবে।

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যম ‘গ্লোবাল টাইমস’ সামরিক বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে বলেছে,‘এই মহড়া অভূতপূর্ব এবং প্রথমবারের মতো চীনা ক্ষেপণাস্ত্র তাইওয়ানের উপর দিয়ে উড়ে যাবে’।

চীনের সামরিক বাহিনী, পিপলস লিবারেশন আর্মিকে উল্লেখ করে সংবাদপত্রটি বলেছে, ‘এই প্রথম পিএলএ তাইওয়ান প্রণালীজুড়ে লাইভ দূরপাল্লার আর্টিলারি চালাবে’।

গত মঙ্গলবার থেকে মহড়া অনুশীলনের মঞ্চ তৈরি করেছে উল্লেখ করে সিনহুয়া সংবাদ সংস্থা রিপোর্ট করেছে যে, তারা তাইওয়ানের জলে-স্থলে ‘যৌথ অবরোধ’ এর মহড়া  করছে।

তাইপেই এই পরিকল্পনার নিন্দা জানিয়ে সতর্ক করেছে যে চীন পূর্ব এশিয়া অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি-ফ্যাং বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চীনের মহড়ার কিছু এলাকা (তাইওয়ানের) আঞ্চলিক জলসীমায় পড়েছে। আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার জন্য এটি একটি অযৌক্তিক পদক্ষেপ’।

সাত শিল্পোন্নত দেশের  গ্রুপও এই পরিকল্পিত মহড়ার নিন্দা করেছে। এক বিবৃতিতে জি-সেভেন বলেছে, ‘তাইওয়ান প্রণালীতে আক্রমণাত্মক সামরিক কার্যকলাপের অজুহাত হিসেবে একটি সফর ব্যবহার করার কোন যুক্তি নেই’।

১৯৫০ এর দশকের গৃহযুদ্ধে চীন থেকে বিচ্ছিন্ন হয় তাইওয়ান। তারপর থেকে তাইওয়ানের স্বাধীনতাপন্থী রাজনীতিকরা নিজেদের স্বাধীন ও সার্বভৌম বলে দাবি করলেও চীন এই দ্বীপ ভূখণ্ডকে এখনও নিজেদের অংশ বলে দাবি করে।

চীন থেকে ১০০ মাইল দূরে সাগরের মধ্যে ৩৬ হাজার ১৯৭ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপ ভূখণ্ডের রয়েছে নিজস্ব সংবিধান, গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃত্ব এবং প্রায় ৩ লাখ সক্রিয় সদস্যের একটি সেনাবাহিনী।

এখন পর্যন্ত অবশ্য খুবই অল্প কয়েকটি দেশ তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তাইওয়ানে এখন পর্যন্ত নিজেদের কোনো দূতাবাস খোলেনি দেশটি।

তবে তাইওয়ান বিষয়ক একটি আইনের আওতায় এই স্বাধীনতাকামী দ্বীপভূখণ্ডকে গত শতকের পঞ্চাশের দশক থেকেই সামরিক ও নিরাপত্তা বিষয়ক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

যেসব ইস্যুতে গত কয়েক বছর ধরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক তিক্ততা চলছে, সেসবের মধ্যে প্রধানতম ইস্যু তাইওয়ান।

আরও পড়ুন...

তাইওয়ান ছেড়েছেন পেলোসি

চীন কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে?

চীন ও তাইওয়ানের সামরিক শক্তির তুলনা

তাইওয়ানকে ঘিরে সামিরক মহড়ার ঘোষণা চীনের

তাইওয়ানের পণ্য আমদানি নিষিদ্ধ করলো চীন

পেলোসির তাইওয়ান সফর বড় ধরনের রাজনৈতিক উস্কানি: চীন

হুমকি উপেক্ষা করে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পেলোসি

তাইওয়ান সফর নিয়ে এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত