পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, যুবলীগ নেতা আটক

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২:২৩ এএম

পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রাহাত খান রুবেলকে (৩২) গত শুক্রবার রাতে পুলিশ আটক করেছে। তার বাড়ি তাড়াশ পৌর এলাকার খানপাড়া মহল্লায়।

এ বিষয়ে গতকাল শনিবার সকালে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে তাড়াশ-রাণীরহাট সড়কের বারুহাস বেরখালি এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে। তিনি আরও বলেন, নাটোরের সিংড়া থেকে তাড়াশের দেশিগ্রাম ইউনিয়ের গুড়পিপুল গ্রামে বিয়ের দাওয়াত খেয়ে তিন কিশোর এদিন সন্ধ্যার পরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে তাদের মোটরসাইকেল থামিয়ে রাহাত নিজেকে পুলিশের এসআই (উপ-পরিদর্শক) পরিচয় দিয়ে বলে তোমাদের কাছে মাদক আছে। হয় আমার সঙ্গে থানায় চলো, নয়তো টাকা দাও। মোটরসাইকেল আরোহীরা জানান তাদের কাছে টাকা নেই। বাড়িতে কল করার কথা বলে তারা ৯৯৯ নম্বরে ফোন করে। তাদের ফোন পেয়ে তাড়াশ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার ও রাহাতকে আটক করে।

এ বিষয়ে জানতে তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তাড়াশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হোসেন আলী জানান, আটকের বিষয়টি শুনেছি। বিষয়টি নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোন দিয়েছিলাম। কিন্তু তারা কেউই আমার ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে কোনো কথা বলা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত