মাদারীপুরে মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার হাসপাতাল এবং বৃহত্তর ফরিদপুরকে নিয়ে আঞ্চলিক নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট হবে। এই প্রকল্পের কাজ শুধু প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল শনিবার দুপুরে মাদারীপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
মাদারীপুর জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাজাহান খান। সভায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, জেলা প্রশাসক রহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
