পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৬:২৫ পিএম

পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে জিম্বাবুয়ে। হাসান মাহমুদ ও মেহেদী মিরাজের আটোসাটো বোলিংয়ে যেন ধুকছেন তারা। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা মাহমুদ ‍শুরুতেই তুলে নিয়েছেন দুই উইকেট।

ওয়ানডেতে এক বছরেরও বেশি সময় পর ফিরলেন হাসান মাহমুদ। প্রত্যাবর্তনের ম্যাচের তৃতীয় বলেই পেয়ে যান উইকেট। ওভার দ্য উইকেট থেকে করা বলটা লাইন ধরে রেখেছিল, তাতে ক্রিজে আটকে ছিলেন তাকুদজোয়ানাশে কাইতানো। আউটসাইড-এজড হওয়া বলটা ক্যাচ নিতে ভুল করেননি মুশফিকুর রহিম। জিম্বাবুয়ে প্রথম উইকেট হারিয়েছে ১ রানেই। ঠিক পরের বলেই এলবিডব্লু হতে পারতেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়া। তবে আম্পায়ার সাড়া দেননি সে আবেদনে।

তবে ইনসেন্ট কাইয়াকে প্যাভিলিয়নে ফেরাতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি টাইগারদের। আউট হলেন পরের ওভারেই। বলটা এবার সামান্য নিচু হয়েছিল, তবে ক্রিজে আটকে থাকা কাইয়া খোঁচা দিয়েছেন তাতে। মুশফিক আবারও ডানদিকে ঝুঁকে নিয়েছেন ক্যাচ। ঠিক ১ বল আগে স্কয়ার লেগ দিয়ে একটি চার মেরেছিলেন কাইয়া। তবে হাসান প্রতিশোধ নিতে দেরি করলেন না।

ফুললেংথের বলে স্লগ সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছিলেন মিরাজ। ওয়েসলি মাধেভেরেকে মিরাজের বলে মেনে নিতে হলো একই পরিণতি। আগের বলে রিভার্স সুইপের চেষ্টায় মিস করে গিয়েছিলেন, তবে আম্পায়ার আউট দেননি। পরের বলে সুইপ করতে গিয়ে আবার মিস করে গেলেন মাধেভেরে। ইনিংসে তৃতীয়বারের মতো জোরাল আবেদনে সফল হয় বাংলাদেশ।

২৭ রানেই তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতে স্বাগতিকদের ভালোই রুখেছেন টাইগার বোলাররা। মাত্র ৩০ রান তুলতে পেরেছেন তারা। তাদিওয়ানাশে মারুমানি ১৯ রানে ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সিকান্দার রাজা ১ রানে অপরাজিত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত