জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৩:২৬ এএম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল রবিবারও বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এর মধ্যে বরিশালে সমাবেশ করেছে ওয়ার্কার্স পার্টি ও বাসদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করে জাতীয়তাবাদী কৃষক দল। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের খবর :

বরিশাল : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর অশি^নী কুমার টাউন হলের সামনে কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে বেলা ১১টার দিকে একই স্থানে একই কর্মসূচি পালন করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের অযৌক্তিক এবং অমানবিক সিদ্ধান্ত জনগণ মানে না। অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সিদ্ধান্ত বাতিল করতে হবে। একই সঙ্গে কৃষকের সারের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ করে জ্বালানি খাতের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ, লুটপাটকারীদের চিহ্নিত ও গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। জনগণকে পূর্ণাঙ্গ রেশনিংয়ের আওতায় এনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করারও দাবি জানান বক্তারা।

সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফকিরবাড়ি রোডে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করে।

জাবি : জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের একটি অংশ। গতকাল রবিবার দুপুর সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা। দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এর আগে ১টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক তাসবিবুল গণি নিলয় বলেন, ‘সরকার জনগণের ভোগান্তি কমানোর বিপরীতে মন্ত্রী, আমলাদের পকেট গরম করার জন্য কাজ করছে। দরিদ্র মানুষগুলো মূল্যবৃদ্ধির পর কীভাবে বাঁচবে তা সরকারের চিন্তার বিষয় নয়।’

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, ‘সরকার জনগণের কথার কোনো তোয়াক্কা করছে না। এখন জনগণ কীভাবে বাড়তি খরচ মেটাবে। প্রতিমুহূর্তে সরকার আমাদের শোষণ কাঠামোর মধ্যে ফেলছে। এভাবে আমাদের রক্ত চুষে খাওয়া হচ্ছে। আমরা যখন না খেয়ে মরব তখন আমাদের আমলারা বিদেশে আয়েশ করবে।’

মহাসড়কে সমাবেশ চলাকালে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, ‘দেশে হঠাৎ করে জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধি করা হয়েছে। এর মাধ্যমে এখন সব ধরনের পণ্যের দাম বাড়ছে। দেশে একরকম উৎসবের মতো করে দ্রব্যমূল্যের দাম বাড়ানো হচ্ছে। এর পেছনে একের পর এক খোঁড়া যুক্তি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা সবকিছু সয়ে নিচ্ছি সর্বংসহা মাটির মতো; দিন দিন মেরুদ-হীন হয়ে যাচ্ছি। শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশ থেকেই এ মূল্যবৃদ্ধির প্রতিবাদ আসা উচিত।’

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী অংশুমান রায় বলেন, ‘দেশে জনগণের মধ্যে নানা ধরনের নিপীড়ন চলছে। এর সঙ্গে যোগ হয়েছে দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। জনগণের কাছ থেকে টাকা বের করে নেওয়ার জন্য ব্যবসায়ীবান্ধব সরকার এটি করেছে। এখানে বৈশ্বিক পরিস্থিতির দোহাই দেওয়া হচ্ছে। তবে স্পষ্ট করে বলা হচ্ছে না, ঠিক কী কারণে তেলের দাম বাড়ল। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সে কারণে আমরা আজ সাময়িকভাবে রাস্তায় নেমেছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, সারা দেশের শ্রমিক-জনতাকে সঙ্গে নিয়ে এ সিন্ডিকেটের বিরুদ্ধে নামব।’

চাঁপাইনবাবগঞ্জ : জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও ভোলায় দুই নেতা নিহতের প্রতিবাদে গতকাল রবিবার চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদ। জেলা কৃষক দলের আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা নজরুল ইসলাম, আনোয়ার হোসেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, জনগণের দুর্ভোগের বিষয় মাথায় না নিয়ে আইএফএমের শর্তপূরণ করতে সরকার জ¦ালানি তেলের দাম বৃদ্ধি করেছে। এতে করে কৃষি উৎপাদন খরচসহ কৃষিপণ্যের দাম বৃদ্ধি পাবে এবং জনগণের দুর্ভোগ বাড়বে। তিনি কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে কৃষকদের বিনামূল্যে সেচ সুবিধা দেওয়ার দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত