হরতাল-অবরোধ ছাড়া সরকারের পতন হবে না: মির্জা আব্বাস

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৮:১৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘হরতাল-অবরোধ ছাড়া সরকারের পতন হবে না। আগামী দিনে সরকার পতন আন্দোলনে মিছিলের সামনের সারিতে থাকব। আমাদের ছেলেরা যখন রাজপথে থাকবে, আমরা তখন তাদের একা ছেড়ে দেব না, আমরা তাদের মিছিলের সামনের সারিতে অভিভাবক হিসেবে থাকব। তাই ভয়ের কিছু নেই।’ 

সোমবার নয়াল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম হত্যার প্রতিবাদে যুবদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমাদের মনে হয় সীমানা নির্ধারিত হয়ে গেছে; প্রেসক্লাব আর নয়াপল্টন। এর বাইরে যদি আমরা যেতে না পারি, তাহলে কখনো আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না। আমাদের এর বাইরে বের হয়ে আসতে হবে। আমাদের মিছিলে নামতে হবে, আমাদেরকে হরতালে যেতে হবে, অবরোধে যেতে হবে, তাছাড়া সরকারের পতন হবে না।’

তিনি বলেন, ‘সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, ব্যপারটা সময়ের ব্যবধান মাত্র। যদি বিএনপি শক্তভাবে রাস্তায় দাঁড়িয়ে যায়, তাহলে এ সরকার এক মিনিটও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’

যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, ‘মঞ্চের ওপরে এবং নিচে আমার সহকর্মীরা যারা আছেন তাদের উদ্দেশে বলতে চাই- আজকের মঞ্চ যুবদলের। আমি যুবদলের সভাপতি ছিলাম, গয়েশ্বর চন্দ্র রায় সাধারণ সম্পাদক ছিলেন, আলাল সহ-সভাপতি ছিল। পরে সভাপতি হয়ে আমাদের সময়ে যুবদলের নেতৃত্বে তিনবার সরকারের পতন ঘটিয়ে ছিলাম।’

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আমিন মজনু, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা দক্ষিণ মহানগরের সদস্য ইশরাক হোসেন, সাবেক যুবদল নেতা নেওয়াজ আলী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত