হৃদিতারূপে আসছেন পূজা

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০১:০৪ এএম

কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বনে একই নামে ইস্পাহানী আরিফ জাহান নির্মাণ করছেন সিনেমা ‘হৃদিতা’। শনিবার (৬ আগস্ট) সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এবার জানা গেল, সিনেমাটি আগামী ৭ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ২০১৯-২০ অর্থবছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সময়ের দর্শকপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমাটিতে পূজার নায়ক চিত্রনায়ক এবিএম সুমন।

ছবিটি মুক্তির তথ্য নিশ্চিত করে নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান বলেন, ‘বর্তমানে ‘দিন- দ্য ডে’, ‘পরাণ’, ‘হাওয়া’ সিনেমা দেখতে দর্শক যেভাবে প্রেক্ষাগৃহে আসছেন আশা করছি আমাদের সিনেমা ‘হৃদিতা’ দেখতেও আসবেন। সিনেমাটিতে একটা রোমান্টিক গল্প আছে। অনেক বার্তা আছে। দর্শকের ভালো লাগবে।’ সিনেমাটি নিয়ে চিত্রনায়িকা পূজা চেরি বলেন, ‘এই প্রথমবার সাহিত্যনির্ভর সিনেমায় কাজ করেছি। সেটাও আবার খুব জনপ্রিয় লেখক আনিসুল হকের গল্পে। নিজের শতভাগ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। দর্শক ভালো কিছুই পেতে যাচ্ছেন।’

মনোরম লোকেশনে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে পূজা বলেন, ‘শ্যুটিং চলাকালীন কিছু ছবি ফেইসবুকে প্রকাশ হয়েছিল। টাঙ্গুয়ার হাওরের শ্যুটিংয়ের ছবি। সেগুলো সবাই পছন্দ করেছিল। শ্যুটিংয়ের অনেক দিন আগে থেকেই আমাদের পরিচালক ইস্পাহানী আরিফ জাহান বলছিলেন যে, আমাদের রোমান্টিক গানটা টাঙ্গুয়ার হাওরে করবেন। ওই জায়গাটা অনেক সুন্দর। আমিও বলেছিলাম, হ্যাঁ, টাঙ্গুয়ার হাওর অনেক সুন্দর। কারণ এর আগে একটা সিনেমার জন্য ওখানে যাওয়া হয়েছিল। কিন্তু কোনো একটা কারণে তখন গানের শ্যুটিং হয়নি। কিন্তু আমি লাকি ছিলাম বলে ‘হৃদিতা’ ছবির রোমান্টিক গানের শ্যুটিংটা ওখানে করতে পেরেছিলাম। এটা আসলে এত সুন্দর যে, অনেক জার্নি করে গেছি। খুব ক্লান্ত লাগছিল। কিন্তু ওখানের পরিবেশটা এত সুন্দর আর শটগুলো যখন ক্যামেরায় দেখছিলাম তখন অনেক শান্তি লাগছিল। কষ্টটা আরও সার্থক হবে তখন, যখন দর্শকরা গানটি দেখে বলবে যে গানটি অনেক ভালো হয়েছে। আর যে ছবিগুলো তখন সবাই দেখেছেন তাতে আকাশের নীলের সঙ্গে ম্যাচিং করে শাড়ি পরে বসে আছি নৌকায়। আসলে এটা পরিকল্পনা করে করা ছিল না। কাকতালীয়ভাবে মিলে গেছে। আমাদের পরিকল্পনা ছিল গানটিতে আমরা বিভিন্ন রকমের শাড়ি পরব। তো বিভিন্ন রকমের শাড়িটা আসলে প্রকৃতির সঙ্গে মিলে গেছে।’

হৃদিতায় নিজের চরিত্র নিয়ে পূজা বলেন, ‘আমার কাছে মনে হয়েছে হৃদিতা মেয়েটা শান্ত স্বভাবের হলেও চঞ্চল। খুবই সফট একটা মেয়ে। দেখলেই মনে হবে পাশের বাসার একটা সুন্দর মেয়ে। যদিও আমি সুন্দর না। মেকাপ দিয়ে সুন্দর হওয়ার চেষ্টা করি (হাসি)। তো আমি ওইভাবেই চিন্তা করে অ্যাক্টিং করার চেষ্টা করেছি। শ্যুটিং শেষে আমাদের ডিরেক্টর এতটাই খুশি ছিলেন যে উনি চান ওনার পরবর্তী কাজও আমি করি। সব মিলিয়ে পরিচালকের কথা শুনে মনে হয়েছে উনি আমার কাজে সন্তুষ্ট।’

জানা গেছে, মুক্তির আগে পর্যায়ক্রমে সিনেমার ট্রেলার ও গানগুলো প্রকাশ করা হবে। সিনেমায় দুটি গান আছে। গেয়েছেন চন্দন সিনহা ও সিঁথি সাহা। সিনেমার সংলাপও লিখেছেন আনিসুল হক। চিত্রনাট্যের কাজ করেছেন পরিচালক নিজেই। এই সিনেমায় আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সাবেরী আলম, আরজুমান আরা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত