শকুন রক্ষায় সুন্দরবনের জাহাজে বসছে আন্তর্জাতিক সম্মেলন

বাংলাদেশ তৃতীয়বারের মতো এই আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করছে; এর আগে ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে এই সভা অনুষ্ঠিত হয়েছিল।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ এএম

মহাবিপন্ন শকুন রক্ষায় বাংলাদেশ বন বিভাগের আয়োজনে সুন্দরবনে প্রথমবারের মতো জাহাজে আন্তর্জাতিক সংরক্ষণ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৩তম বার্ষিক এই সম্মেলনে ১০টি দেশের গবেষক, বিশেষজ্ঞ ও সরকারি প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম। বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সরকার ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সুন্দরবন বিভাগ এবং আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) সূত্রে জানা গেছে, সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের প্রায় ৩০ জন বিশেষজ্ঞ, গবেষক ও সংরক্ষণকর্মী অংশ নেবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, কানাডা, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়া।

এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধে কাজ করা আন্তর্জাতিক জোট ‘সেভ’ (সেভিং এশিয়া'স ভলচার্স ফ্রম এক্সটিংশন)-এর বার্ষিক সম্মেলন এবারই প্রথম সুন্দরবনে জাহাজে আয়োজন করা হচ্ছে। সম্মেলনে শকুনের বর্তমান অবস্থা, মৃত্যুর কারণ, সংরক্ষণ উদ্যোগ, গবেষণা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শকুন সংরক্ষণে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আইইউসিএনের প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দীপু জানান, ২০২৩ সালে বন বিভাগ ও আইইউসিএনের যৌথ শুমারিতে বাংলাদেশে ২৬৭টি শকুনের অস্তিত্ব পাওয়া যায়। আইইউসিএনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে শকুনের সংখ্যা ২৪৮টি। সুন্দরবনের ঢাংমারী, ঘাগড়ামারী ও লাউডোবসহ বিভিন্ন এলাকায় এবং সিলেট অঞ্চলে এসব শকুনের দেখা মেলে।

তিনি জানান, চার থেকে পাঁচ দশক আগেও দেশে শকুনের সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। আশঙ্কাজনকভাবে সংখ্যা কমে যাওয়ায় এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও সংখ্যা পুনরুদ্ধারের লক্ষ্যে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় ‘এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট’ (সেভ)। সংস্থাটি বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় শকুন সংরক্ষণে কাজ করছে।

বাংলাদেশ তৃতীয়বারের মতো এই আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করছে; এর আগে ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে এই সভা অনুষ্ঠিত হয়েছিল। এবার প্রথমবারের মতো সুন্দরবনে জাহাজে বসছে এ সম্মেলন।

সম্মেলনে বিশেষ করে শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ, শকুনের জন্য নিরাপদ অঞ্চল গড়ে তোলা, নিরাপদ খাদ্য সরবরাহ, চিকিৎসা, সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন, প্রকৃতিতে অবমুক্তকরণ এবং আন্তদেশীয় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।

বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, ‘সেভিং এশিয়া'স ভলচার্স ফ্রম এক্সটিংশন (সেভ) শকুন রক্ষায় কার্যকর ভূমিকা পালন করছে। সংস্থাটির আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন এবারই প্রথম সুন্দরবনে অনুষ্ঠিত হচ্ছে।’

তিনি আরও বলেন, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন শকুন সংরক্ষণে বাংলাদেশের উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের একত্র করে সংরক্ষণের অভিজ্ঞতা, গবেষণা ও প্রযুক্তিগত কৌশল বিনিময়ের মাধ্যমে বিপন্ন শকুনের সংখ্যা পুনরুদ্ধারে নতুন সম্ভাবনা তৈরি হবে।

আইইউসিএন-এর তথ্য অনুযায়ী, চার দশক আগেও বাংলাদেশে প্রায় ৫০ হাজার শকুন ছিল, যা বর্তমানে কমে মাত্র ২৪৮টির মতো টিকে আছে। সরকারের নানামুখী পদক্ষেপের ফলে শকুনের সংখ্যা কমার হার বর্তমানে স্থিতিশীল হলেও প্রজাতিটি এখনো মহাবিপন্ন অবস্থায় রয়েছে

সর্বশেষ সর্বাধিক পঠিত