এশিয়া কাপ দিয়ে ফিরছেন কোহলি ও রাহুল, নেই বুমরাহ

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১২:৩৪ পিএম

পিঠে চোট পেয়েছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। এতে ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। তাকে ছাড়াই তাই দল ঘোষণা করতে হয়েছে ভারতকে। ঘোষিত সেই দলে ফিরেছেন ব্যাটার বিরাট কোহলি। সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে লোকেশ রাহুলও থাকছেন এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া টুর্নামেন্টের জন্য সোমবার রাতে ১৫ সদস্যের দল দিয়েছে বিসিসিআই। চোটের কারণে দলে নেই হার্শাল প্যাটেলও। এই পেসার পাঁজরের চোটে পড়েছেন। বুমরাহ-হার্শাল দুজনই এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে বিসিসিআই। 

২৮ বছর বয়সী বুমরাহ সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি। জিম্বাবুয়েতে আসন্ন ওয়ানডে সিরিজের আগেই বিশ্রাম দেওয়া হয় তাকে। ক্যারিবিয়ানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন কোহলিও। জিম্বাবুয়েতেও থাকছেন না ভারতের সাবেক এই অধিনায়ক।     

গত বছরের নভেম্বরে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই সংস্করণে ভারতের হয়ে কোহলি খেলেছেন ৪ ম্যাচ। ছিলেন না বাকি ১৯টিতে। ওই চার ম্যাচে ২০ গড় আর ১২৮.৫৭ স্ট্রাইক রেটে তার রান ৮১।

এদিকে দল থেকে বাদ পড়েছেন সাঞ্জু স্যামসন ও ইশান কিষান। মূল দলে জায়গা হয়নি টপ অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার ও বাঁহাতি স্পিনার আকসার প্যাটেলেরও। এই দুজনের সঙ্গে স্ট্যান্ডবাই তালিকায় আছেন পেসার দিপক চাহার।

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সবশেষ ২০১৮ সালে ওয়ানডে সংস্করণে হওয়া টুর্নামেন্টের ফাইনালে দুবাইয়ে শেষ বলের রোমাঞ্চে বাংলাদেশকে হারিয়ে ট্রফি জিতেছিল তারা।

আগামী ২৮ অগাস্ট দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে ভারত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ। ‘এ’গ্রুপে তাদের সঙ্গী হবে বাছাই পর্ব উতরে আসা একটি দল।‘বি’গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, রবি বিষ্ণই, আভেশ খান, দিপক হুডা, যুজবেন্দ্র চেহেল।

স্ট্যান্ডবাই: শ্রেয়াস আইয়ার, আকসার প্যাটেল, দিপক চাহার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত