স্প্রিন্টের ১০০ মিটারে ব্যাক্তিগত সেরা টাইমিং ইমরানুরের

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০১:৩৩ পিএম

কমনওয়েলথ গেমসে হতাশ হয়েছিলেন। সে হতাশার বৃত্ত থেকে এবার বেরিয়ে এলেন ইমরানুর রহমান। ইসলামিক সলিডারিটি গেমসের ১০০ মিটারে ব্যক্তিগত সেরা টাইমিং করে। তুরস্কের কনিয়াতে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ইসলামিক সলিডারিটি গেমসের কিছু ইভেন্টের খেলা শুরু হয়ে গেছে।

সোমবার ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের বাছাই পর্বের প্রথম ধাপে চতুর্থ হিটে অংশ নেন ইমরানুর। বাংলাদেশের দ্রুততম মানব দৌড় শেষ করেন ১০ দশমিক ০১ সেকেন্ড সময় নিয়ে। নিজের হিটে দ্বিতীয় হয়ে সেমি-ফাইনালে উঠেছেন যুক্তরাজ্য প্রবাসী এই অ্যাথলেট। কোত দি ভোয়ার জিউ সিসে ৯ দশমিক ৭৮ সেকেন্ড সময় নিয়ে হিটে সেরা হয়েছেন।

১০০ মিটারে এটিই ইমরানুরের সেরা টাইমিং। ২৯ বছর বয়সী এই অ্যাথলেটের আগের সেরা টাইমিং ছিল ১০ দশমিক ২২ সেকেন্ড, বিশ্ব অ্যাথলেটিকসের প্রস্তুতিতে লন্ডনে এই টাইমিং করেছিলেন।

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ১০০ মিটারের সাত নম্বর হিটে অংশ নিয়ে ১০ দশমিক ৪৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় এবং সব হিট মিলিয়ে ইমরানুর হয়েছিলেন ৩৩তম।

ট্র্যাকে উন্নতির ছাপও রেখে চলেছেন ইমরানুর। গত জানুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্সে দেশের দ্রুততম মানব হওয়ার পথে ২১ বছরের পুরনো রেকর্ড তিনি ভেঙেছিলেন ১০ দশমিক ৫০ সেকেন্ড টাইমিং করে। ১৯৯৯ সালে মাহবুব আলমের গড়া ১০ দশমিক ৫৪ সেকেন্ডের রেকর্ড নিজের করে নিয়েছিলেন তিনি।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় আরও ভালো করার আশাবাদ ইমরানুরের, ‘খুবই ভালো লাগছে। পরের রাউন্ডের দিকে তাকিয়ে আছি। আরও উন্নতির চেষ্টা করব। (বাংলাদেশের হয়ে সেরা টাইমিং) ইতিহাস চলমান, আমি মনে করি, ইতিহাস এখানেই থেমে যাবে না।’

ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সুখবর এলেও আসেনি টেবিল টেনিসে। মেয়েদের এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সাদিয়া রহমান মৌ ৩-০ সেটে হেরে গেছেন ইরানের নেদা শাহসাভারির কাছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত