বেটিং প্রশ্নে জিরো টলারেন্স অবস্থানে বিসিবি। তাই বেটউইনার নিউজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে সাকিবকে। মঙ্গলবারের মধ্যেই সেটা বিসিবির কাছে নিশ্চিত করার কথা তার। কিন্তু কাল রাত অবধি তিনি সেটা করেননি। নিজের অবস্থানে অনড় বিশ্বসেরা অলরাউন্ডার। সংবাদভিত্তিক ওয়েবসাইটের সঙ্গে চুক্তিতে কোনো আইনি বাধা নেই বলে সাকিব বিসিবিকে বোঝানোর চেষ্টা করেছেন।
আজ দুপুরের মধ্যে না জানালে তাকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা করবে বিসিবি। তবে চোটে জর্জরিত টাইগারদের নড়বড়ে পরিস্থিতি বিবেচনায় শর্ত সাপেক্ষে শেষ মুহূর্তে তিনি স্বোয়াডে যুক্ত হতে পারেন
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালকও বলেছেন একই কথা, ‘সাকিব বলেই সিদ্ধান্তটা অনেক বড়। কিন্তু দেশের আইনের কথা, ক্রিকেট বোর্ডের ভাবমূর্তির কথাও আমাদের ভাবতে হবে। এসবের ঊর্ধ্বে কেউ নয়। ও (সাকিব) যদি ওর সিদ্ধান্তে অটল থাকে, তাহলে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। অন্য যারা আছে, তাদের নিয়েই এগোতে হবে।’
জানা গেছে, সাকিবের আগে বেটউইনার নিউজ পণ্যদূত হওয়ার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ দলের আরেক ক্রিকেটারকে। কিন্তু বেটিং–সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলে সেই ক্রিকেটার প্রস্তাবটি ফিরিয়ে দেন। পরে বেটউইনার নিউজ ওই ক্রিকেটারকে দেওয়া প্রস্তাবের প্রায় দ্বিগুণ টাকায় চুক্তি করে সাকিবের সঙ্গে। টাকার অঙ্ক ১০ কোটি টাকার আশপাশে বলে শোনা যাচ্ছে।
বোর্ড পরিচালকদের কেউ কেউ অবশ্য সাকিবের ব্যাপারে এখনই কঠোর সিদ্ধান্তে যাওয়ার পক্ষে নন। আজ পরিচালকদের সভায় তাই বিকল্প প্রস্তাবও আসতে পারে। সাকিব যেহেতু দু-তিন দিনের মধ্যে দেশে ফিরছেন, তাঁর সঙ্গে মুখোমুখি বসে তাঁর চূড়ান্ত মত জানতে চাওয়ার প্রস্তাব আসতে পারে। সে ক্ষেত্রে ‘শর্ত সাপেক্ষে’ এশিয়া কাপের দলে থেকেও যেতে পারেন সাকিব।
বোর্ড সভাপতির নেতৃত্বে বিসিবির শীর্ষ কর্তাদের সাকিবকে নিয়ে আলোচনায় বসার কথা আজ দুপুরে। সে আলোচনায় সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত জানানোর পরই দল ঘোষণা করবেন নির্বাচকেরা। সেটি হতে পারে আজ বা আগামীকাল। সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত যদি সাকিবকে ছাড়াই এশিয়া কাপের দল দিতে হয়, সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হতে পারে মাহমুদউল্লাহকে।
আরেকটি বিবেচনাও হয়তো আসবে। নুরুল হাসান, লিটন দাস ও ইয়াসির আলীর চোট এমনিতেই ভেঙেচুরে দিয়েছে দলটাকে। এ অবস্থায় সাকিববিহীন বাংলাদেশ আরও দুর্বল হয়ে পড়বে স্বাভাবিক। নুরুলের এশিয়া কাপে না খেলাটা তো নিশ্চিতই হয়ে গেছে, দলে থাকার সম্ভাবনা কম লিটন আর ইয়াসিরেরও।
