চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় মো. ফোরকান নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাড়বকুণ্ড বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ফোরকানের বাড়ি চট্রগ্রামের বোয়ালখালী উপজেলায় বলে জানা গেছে।
আহতরা হলেন- মো. শহিদুল্লাহ (৫৫), জাহানারা বেগম (৪৫) ও আরাফাত হোসেন (২২)। তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার ট্রাকের পিছনে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন কারের তিন যাত্রী।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাড়বকুণ্ড বাজারের কাছে মহাসড়কে পাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। ঢাকা থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান কার চালক। আহত হন কারে থাকা তিন যাত্রী। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
