মানিকগঞ্জের সাটুরিয়ায় বরাইদ ইউনিয়নে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দিয়েছে পরিবার। তারা বলছে, একটি প্রভাবশালী মহল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
পরিবারের সদস্যরা জানিয়েছে, শুক্রবার সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলে ৯টার দিকে মুন্নাফ আলী নামে প্রতিবেশী এক বখাটে তরুণীকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ছুটে এলে মুন্নাফ পালিয়ে যায়।
ওই তরুণী বলেন, ‘আমার সাথে যা হয়েছে তা না বলার জন্য ভয়ভীতি দেখানো হয়েছে। কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় মুন্নাফ আলী।’
সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ওই প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
