যে কারণে ১৭ বছর পর ব্যালন ডি অরের তালিকায় নেই মেসি

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৩:৩১ পিএম

চলতি বছরের ব্যালন ডি অরের লড়াইয়ে শীর্ষ ত্রিশ জনের তালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার রাতে তালিকাটি প্রকাশ করেছে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন। চলতি বছরের ১৭ অক্টোবর ফ্রান্সের প্যারিসে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে এবারের ব্যালন ডি অর। কিন্তু সেই তালিকায় নাম নেই আর্জেন্টিনা ও পিএসজি ফুটবলার লিওনেল মেসির। ১৭ বছর পর এমন ঘটনা ঘটলো। সাতবারের ব্যালন ডি অর মেসির সতীর্থ নেইমারও নেই এই তালিকায়।

২০২১ সালে অর্থনৈতিক সংকটে থাকা বার্সেলোনা মেসির চুক্তি নবায়ন করতে পারেনি। ফলে ক্লাব ছাড়তে বাধ্য হন তিনি। ফরাসি ক্লাব পিএসজির হয়ে অভিষেক মৌসুমটা যথেষ্ট বাজে কেটেছে তার। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৩৪ ম্যাচে গোল করেছেন মাত্র ১১টি। ফলে শীর্ষ ত্রিশে জায়গা না হওয়া খুব একটা অস্বাভাবিকও না!

মেসির মতো তালিকায় নেই নেইমারও। পিএসজির জার্সি গায়ে গত ম্যাচেও গোল পেয়েছেন। এর আগের ম্যাচে করেছেন হ্যাটট্রিক। তবে আন্তর্জাতিক কিংবা চ্যাম্পিয়নস লিগে সেভাবে আলো ছড়াতে পারেননি তিনি।

১৯৫৬ সাল থেকে ব্যালন ডি’অর পুরস্কারের প্রচলন করা সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ মেসিকে তালিকার বাইরে রাখার ব্যাখ্যা দিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ। সংবাদমাধ্যমটিতে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয় এবং ফ্রান্স ফুটবলের হয়ে প্রশ্নের উত্তর দেন সাময়িকীটির প্রতিবেদক এমানুয়েল বোয়ান।

মেসির বাদ পড়া প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা, ‘২০০৬ থেকে মেসি টানা ১৫ বার জায়গা পেয়েছেন (তালিকায়), সাতবার জিতেছেন ব্যালন ডি’অর এবং এত এত শিরোপা জিতেছেন যে অবশ্যম্ভাবীভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁর নামটা চলে আসে। ৩০ জনের এ তালিকা প্রস্তুতের সময় মেসি আলোচনায়ও ছিলেন। কিন্তু ব্যালন ডি’অরের জন্য নতুন যে মানদণ্ড ঠিক করা হয়েছে, তা মেসির পক্ষে ছিল না; খেলোয়াড়ের পুরো ক্যারিয়ার বিবেচনার বিষয়টি উঠে গেছে, নতুন মডেলে পুরো বছরও নয়, একটা মৌসুম বিবেচনা করা হয়েছে, যে কারণে ২০২১ সালের ১১ জুলাই কোপা আমেরিকা জয় বিবেচনায় আসেনি।’

এমানুয়েল বোয়ান ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে দেওয়া এই যুক্তির সঙ্গে পিএসজিতে তাঁর প্রথম মৌসুমের পারফরম্যান্সও যোগ করেন, ‘আর এটা স্বীকার করতেই হবে, পিএসজিতে তাঁর প্রথম মৌসুম খুব বাজে কেটেছে, সেটি পরিসংখ্যান এবং (খেলা) দেখার সৌন্দর্য বিচারে।’ 

ব্যালন ডি’অরে গত বছর সংশোধিত নিয়ম অনুযায়ী, সেরা খেলোয়াড় বিচারের জন্য সবার আগে ব্যক্তিগত পারফরম্যান্স দেখা হবে। দলগত পারফরম্যান্স আসবে পরে। সে হিসেবে মেসি গত মৌসুমে লিগ জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্স ভালো ছিল না।

ব্যালন ডি’অর এর আগে দেওয়া হতো বছরের পারফরম্যান্স দেখে—বিবেচিত হতো জানুয়ারি থেকে ডিসেম্বর। অর্থাৎ দুটি মৌসুমের অর্ধেক অংশ বিবেচনা করা হতো, পুরো এক মৌসুম নয়। কিন্তু এবার থেকে নিয়ম হয়েছে, পুরো এক মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় নেওয়ার—সেটি আগস্ট থেকে জুলাই পর্যন্ত।

যেমন ধরুন, এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নভেম্বরে। আগের নিয়ম চালু থাকলে বিশ্বকাপের পারফরম্যান্স এ বছরের ব্যালন ডি’অরে বিবেচনা করা হতো। কিন্তু মৌসুম বিবেচনা করায় কাতার বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচিত হবে ২০২৩ ব্যালন ডি’অরের নির্বাচনের সময়। নভেম্বর-ডিসেম্বরে যেহেতু খেলা হবে, তাই স্বাভাবিকভাবেই তা ২০২২–২৩ মৌসুমে পরে যাবে। এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় খেলোয়াড়েরা যেমন জায়গা পেয়েছেন গত বছরের আগস্ট থেকে এ বছরের জুলাই পর্যন্ত এক মৌসুমের পারফরম্যান্স বিচারে।

আর এ বিষয়ই মেসিকে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা থেকে ছিটকে ফেলেছে। মেসি আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতেছেন গত বছর জুলাইয়ে। গত মৌসুমে বাদ পড়েন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে। লি আঁতেও পিএসজির হয়ে ভালো খেলতে পারেননি। লিগে ২৬ ম্যাচে মাত্র ৬ গোল করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত