শ্রাবন্তীর জন্মদিনে 'বিগ ফ্যান' অভিরূপের শুভেচ্ছা

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৬:৫৭ পিএম

নতুন বছরে পা রাখলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জন্মদিনের শুভেচ্ছা অনেক অনুরাগীর কাছ থেকেই পেয়েছেন। তবে একটি শুভেচ্ছা একটু আলাদা। আর তা নায়িকা পেয়েছেন নিজের 'বিগ ফ্যান' অভিরূপ নাগ চৌধুরীর কাছ থেকে। 

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে মনোমালিন্যের পর থেকে অভিনেত্রীর সঙ্গে অভিরূপের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। একই আবাসনে থাকেন দুজনে। শোনা যায়, কিছুদিন আগে যখন মালদ্বীপে অভিনেত্রী ছুটি কাটাতে গিয়েছিলেন, অভিরূপও ছিলেন সেখানে।

শনিবার শ্রাবন্তীর একটি ছবি পোস্ট করেন অভিরূপ। সৈকতেই তোলা হয়েছে ছবিটি। যেখানে সূর্যের রঙিন আভায় উজ্জ্বল হয়ে উঠেছে নায়িকার মুখ। নিজের এই পোস্টের ক্যাপশনে অভিরূপ লিখেছেন, 'শুভ জন্মদিন… আরো এগিয়ে চলো আর উজ্জ্বল হয়ে ওঠো…বিগ ফ্যান।'

অল্প বয়সেই পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। দুজনের এক ছেলে রয়েছে। যার নাম অভিমন্যু। ডাক নাম ঝিনুক। রাজীবের সঙ্গে ডিভোর্স হওয়ার পর মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। বেশিদিন টেকেনি সে বিয়ে। এরপরই রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। বহুদিন ধরেই রোশন ও তিনি আলাদা থাকছেন। এমন পরিস্থিতিতেই অভিরূপ ও শ্রাবন্তীর সম্পর্কের গুঞ্জন শোনা যায়।

অবশ্য এই গুঞ্জন নিয়ে খুব একটা মাথা ঘামান না শ্রাবন্তী। নিজের ইচ্ছেমাফিক জীবনযাপন করতে আর কাছের মানুষদের নিয়ে আনন্দ করতে ভালোবাসেন। শুধু অভিরূপ নন, জন্মদিনে টলিউড সুন্দরীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত, অঙ্কুশ হাজরার মতো তারকারা। সূত্র : সংবাদ প্রতিদিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত