গোপনে রাশিয়া থেকে তেল এনে পাচার করছে ভারত! অভিযোগ যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৫:২৫ পিএম

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এই যুদ্ধ শুরুর পর থেকেই বদলে গিয়েছে বিশ্ব। ভ্লাদিমির পুতিনকে চাপে রেখে রাশিয়ার আগ্রাসন রুখতে নিষেধাজ্ঞার জাল বুনেছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্র দেশগুলো। সেই সময় ভারতকেও চাপ দিয়ে রাশিয়ার সঙ্গে দূরত্ব তৈরি করতে বলেছিল যুক্তরাষ্ট্র।

তবে ভারত নিজের জ্বালানির চাহিদা মেটাতে রাশিয়ার মুখাপেক্ষি হয়ে ছিল। সস্তায় রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে থাকে ভারত। এই আবহে এবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ অভিযোগ করল, রাশিয়ার অশোধিত তেল গোপনে গুজরাটে নিয়ে এসে শোধন করছে ভারতীয় জাহজ। তারপর সেই তেল জাহাজে তুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে অজ্ঞাত স্থানে।

যুক্তরাষ্ট্রের এই অভিযোগ মেনে নিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর মাইকেল পাত্র। তিনি বলেন, ‘তেল জাহাজে চাপিয়ে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশেই রওনা দিয়েছিল ওই জাহাজ। কোথায় তেল পৌঁছে দিতে হেব, তা জানা যায় মাঝ সমুদ্রে। পরে নির্দেশ অনুযায়ী সেই জাহাজ নিউ ইয়র্কে পৌঁছায়’। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত দিল্লির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে এই ঘটনায় ভারত-মার্কিন সম্পর্কে চিড় ধরতে পারে।

প্রসঙ্গত, ভারত আমদানির মাধ্যমেই নিজেদের জ্বালানি চাহিদা মেটায়। সৌদি আরব এবং ইরাক থেকেই সিংহভাগ তেল আমদানি করে থাকে ভারত। যদিও ইউক্রেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করলে সমীকরণ বদলে যায়। প্রস্তাব পেয়ে সস্তায় রাশিয়া থেকে তেল কিনতে শুরু করে ভারত। এই নিয়ে যুক্তরাষ্ট্র ভারতকে চাপ দিলেও দিল্লি নিজেদের অবস্থানে অনড়।

পাল্টা ইউরোপীয় দেশগুলোর উদাহরণ টেনে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বহুবার ভারতের অবস্থানের স্বপক্ষে যুক্তি দিয়েছেন। সরাসরি রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে কোনও ভোটও দেয়নি ভারত। এই আবহে সূক্ষ্ম কূটনৈতিক সুতায় হাঁটছে ভারত। তবে তেল আমদানি নিয়ে যুক্তরাষ্ট্রের এই চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষিতে ভারত-মার্কিন সম্পর্কে কতটা চিড় ধরে, তাই এখন দেখার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত