রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডারের চাপায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন সরকারপ্রধান।
পুলিশ জানায়, সোমবার (১৫ আগস্ট) বিকালে ঢাকার উত্তরায় ক্রেন দিয়ে বিআরটি প্রকল্পের একটি গার্ডার তোলার সময় ওই দুর্ঘটনা ঘটে। ভারসাম্য রাখতে না পারায় ক্রেনটি একদিকে কাত হয়ে যায়। তখন গার্ডারটি গাজীপুরগামী একটি প্রাইভেট কারের ওপর পড়ে। তাতে গাড়ির ভেতরেই দুই শিশুসহ পাঁচজনের প্রাণ যায়। ওই পরিবারের আরও দুই সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
