কিশোরগঞ্জের ইটনায় জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলা সদরের নগরহাটি এলাকার নেপাল কর্মকারের দুই ছেলে হৃদয় কর্মকার (২৬) ও বিজয় কর্মকার (১৯)।
পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার সকাল ৮টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে নিজেদের দোকানে জাতীয় পতাকা টানাতে যান ছোট ভাই বিজয় কর্মকার। এ সময় বিদ্যুতের মিটারের তারে লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই হৃদয় কর্মকারও বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই সহোদর ভাইয়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা বলেন, ‘পতাকা বাঁধা লাঠিতে বিদ্যুতের তার লেগে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
