আ.লীগ প্রধানের কথার ও কাজের কোনো মিল নেই: রিজভী

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৩:৪১ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ প্রধানের কথার কাজের কোনো মিল নেই। একদিকে প্রধানমন্ত্রী শান্তির বাণী দিচ্ছেন অন্যদিকে আওয়ামী লীগ নেতারা রাজপথ দখলের হুমকি দিচ্ছে। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বুঝতে পেরে তারা এখন আবোল-তাবোল বকছেন। আর হুমকি ধামকি দিয়ে লাভ হবে না। বেঁচে থাকার প্রয়োজনে মানুষ জেগে উঠছে। এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার মোহাম্মদপুরে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার কথা বিশ্বাস করা মানে বোকার স্বর্গে বাস করা। তিনি বলেছিলেন যারা আন্দোলন করবে কিংবা গণভবনও যদি কেউ ঘেরাও করে তাহলে তাদের চা খাওয়াবেন তারপর কী দেখলাম ভোলায় বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি করে আমাদের ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা করেছে। এখন বলছেন আন্দোলনকারীদের কেউ গ্রেপ্তার করো না এ কথা বলার পর কী দেখলাম- ফেনী, লক্ষীপুর, পিরোজপুর, লালমনিরহাটে বিএনপির কর্মসূচিতে হামলা করেছে যুবলীগ ছাত্রলীগ। তিনি যখন শান্তির কথা বলেন তখনই মনে হয় তিনি ভয়ংকর কোনো প্রতিশোধ নেবেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, সম্পূর্ণ প্রতিহিংসায় বেগম খালেদা জিয়া আজ বন্দী। তাকে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। দেশের জন্য গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করে চলছেন। ১/১১ সরকার তাকে শত চেষ্টা করেও বিদেশে পাঠাতে পারেননি। অথচ সে সময় চাপে পড়ে বর্তমান প্রধানমন্ত্রী বিদেশে গিয়েছিলেন। দেশনেত্রী কোনো চাপের কাছে কখনো মাথা নত করেননি।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, শামীমুর রহমান শামীম, মাহবুবুর রহমান মাহবুব, ডা. জাহিদুল কবির, ডা. আউয়াল প্রমুখ।

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত