জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১১:৪৮ পিএম

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ করাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে রেশনিং ব্যবস্থা চালু করার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরের সদর রোডের অশি^নী কুমার টাউন হলের সামনে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখা কমিটি এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।

বরিশাল বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে আজাদ, উপাধ্যক্ষ হারুন অর রসিদ,  জাফর আহমেদ তালুকদার প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকার এখন আর আগের মতো উন্নয়নের কথা বলে না। অবিলম্বে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য কমিয়ে এনে সাধারণ মানুষকে বাঁচার সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত