প্রায় এক সপ্তাহের মতো বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। অবশেষে আজ থেকে মিরপুরে শুরু হয়েছে ক্রিকেটারদের প্রস্তুতি। তবে এশিয়া কাপের প্রস্তুতির প্রথম দিনেই বড় দুঃসংবাদ টাইগার দুর্গে। দলীয় অনুশীলনের সময় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে পেসার হাসান মাহমুদকে। তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে যাওয়া হাসান তাই ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে।
দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই করে ফিরেছিলেন জাতীয় দলে। জিম্বাবুয়ে সফরে দারুণ পারফর্ম করে টিকে গেছেন এশিয়া কাপে। আজ সকাল ১০টা থেকে মিরপুরে শুরু হয় এশিয়া কাপের অনুশীলন। কিন্তু ফিল্ডিং অনুশীলনের সময়েই গোড়ালিতে চোট পান হাসান।
.jpg)
কিন্তু চোটের ছোবল থেকে যেন রেহাই পাচ্ছেন না এই পেসার। অনুশীলনের প্রথম দিনে চোট পেয়ে হাসানকে প্রথমে বিসিবি মেডিকেল টিমের পর্যবেক্ষণে রাখা হয় বলে নিশ্চিত করেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
দেবাশীষ বলেন, ‘হাসান গোড়ালিতে ব্যথা পেয়েছে। প্রথমে তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। ইনজুরির মাত্রাটা বোঝার জন্য।’
পর্যবেক্ষণ শেষে দুপুরে দেবাশীষ জানান, আপাতত হাসান অনুশীলন করতে পারবে না। তাকে বিশ্রামে রাখা হবে। আমরা এক্স-রের জন্য পাঠাচ্ছি। আগামীকাল যে ম্যাচ সিনারিও অনুশীলন আছে সেটিও খেলতে পারবে না সে। এক্স-রে’র পর বোঝা যাবে যে তার চোট কতোটা মারাত্মক।
তবে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চোট সারতে সময় লাগবে কমপক্ষে তিন সপ্তাহ। সেক্ষেত্রে এশিয়া কাপে আর খেলা হচ্ছে না হাসানের।
