ফের ২৬/১১-এর মতো হামলার হুমকি, মুম্বাইয়ে তীব্র আতঙ্ক

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৪:২৯ পিএম

ভারতের বাণিজ্য নগরিতে ফের ২৬/১১-র ধাঁচে হামলা হবে। পাকিস্তানের একটি নম্বর থেকে এমনই হুমকি পেল মুম্বাই পুলিশ! শনিবার মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে এই হুমকির বিষয়ে নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেজে পাঠানো হয়েছে সন্ত্রাসবাদী হামলার হুমকি। ইতিমধ্যে এই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। শহরে জারি হয়েছে সতর্কতা।

একটি সূত্রের দাবি, যে নম্বর থেকে হোটাসঅ্যাপে নাশকতার হুমকি দেওয়া হয়েছে সেটি পাকিস্তানেরই। যদিও অন্য একটি সূত্রের দাবি, নম্বরটি প্রতিবেশী কোনও দেশের। পাকিস্তানের কিনা নিশ্চিত নয়। ওই মেসেজে বলা হয়েছে, ২৬/১১-এর ধাঁচেই মুম্বাইতে হামলা হবে। বিস্ফোরণ ঘটানো হবে শহরে। মুম্বাই পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটাসঅ্যাপে মেসেজে মুম্বাইয়ে হামলার হুমকির পাশাপাশি বলা হয়েছে, উদয়পুরের দরজির মুণ্ডচ্ছেদের মতো ঘটনাও হবে। এই মেসেজ পাওয়ার পরেই সতর্কতা জারি হয়েছে মুম্বাই জুড়ে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবারই মহারাষ্ট্রের রায়গড় সমুদ্রসৈকতে দুটি নৌকা থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়। ওই ঘটনার পরে এমন হুমকি মেসেজে মুম্বাইবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। উল্লেখ্য, রায়গড়ের হরিহরেশ্বর ঘাটে একটি অস্ত্র বোঝাই নৌকো ভেসে আসে। সেখান থেকে তিনটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে নৌকাতে ছিল প্রচুর কার্তুজ। অন্যদিকে, ভারাদখোল এলাকাতে একটি লাইফবোট ভেসে আসে। দুজায়গাতে নৌকার সঙ্গে কোনও লোক ছিল না। উপকূলরক্ষী বাহিনী এবং স্থানীয় পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হামলায় কেঁপে উঠেছিল ভারতের বাণিজ্যনগরী মুম্বাই। ১০ জন লস্কর জঙ্গি করাচি থেকে সমুদ্রপথে মুম্বাইয়ে প্রবেশ করেছিল। ওই জঙ্গিরা তাজ হোটেল, হাসপাতাল, রেল স্টেশন, রেস্তোরাঁয় হামলা চালায়। নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় অধিকাংশ জঙ্গির। জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হয় আজমল কাসব নামের এক জঙ্গিকে। বেশ কয়েক বছর পরে দোষী সাব্যস্ত কাসবকে ফাঁসি দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত