পুরোদমে তিন শিফটে শুরু হয়েছে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন। এবারে পরীক্ষামূলকভাবে নয় তিন শিফটে উৎপাদনে গেছে খনিটি।
শনিবার (২০ আগস্ট) সন্ধ্যা থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু হয়েছে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ।
তিন শিফটে কয়লা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার। তিনি বলেন, বর্তমানে খনিতে পুরোপুরি তিন শিফটে কয়লা উত্তোলন করা হচ্ছে। প্রতিদিন ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা উত্তোলন করা যাবে।
তিনি আরও বলেন, খনির ১৩০৬ নম্বর ফেইস থেকে গত ২৭ জুলাই কয়লা উত্তোলন শুরু করা হলেও স্থানীয় ও চাইনিজ শ্রমিকদের মধ্যে ব্যাপক হারে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়। সঠিকভাবে করোনা ব্যবস্থাপনা সম্পন্ন করে ৬ আগস্ট থেকে কয়লা উত্তোলন আবার শুরু করা হয়। করোনা পরিস্থিতির কারণে স্বল্প সংখ্যক স্থানীয় শ্রমিক ও চাইনিজ শ্রমিক দিয়ে প্রাথমিকভাবে এক শিফটে কয়লা উত্তোলন শুরু করা হয়।
শনিবার (২০ আগস্ট) থেকে ৩ শিফটে উৎপাদন শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে উক্ত পেজ থেকে প্রতিদিন ৩০০০ থেকে ৩৫০০ টন করে কয়লা উত্তোলন করা সম্ভব হবে। যাদের মধ্যে কোনো করোনা উপসর্গ নেই এবং যারা করোনার নির্দিষ্ট সময় অতিক্রম করেছেন, তাদের দিয়ে কয়লা উত্তোলন করা হচ্ছে বলেও জানান তিনি।
