ঢাকার রমনা থানার ওসি মনিরুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের বিষয়ে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার হাইকোর্টকে বিষয়টি অবহিত করার পর তিন মাসের মধ্যে তা শেষ করতে বলেছে আদালত।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
ঢাকায় ওসি মনিরুলের আটতলা বাড়ি, বিপুল সম্পদ ও জমি দখল নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ১০ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। এতে মনিরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের নির্দেশনার আরজির পাশাপাশি তার বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার সম্পত্তি দখল, অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলা প্রশ্নে রুল চান আবেদনকারী। আংশিক শুনানি নিয়ে ওই দিন হাইকোর্ট এক মৌখিক আদেশে দুদক এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চেয়ে ২১ আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি করে। এর ধারাবাহিকতায় গতকাল শুনানি শেষে এ আদেশ আসে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান দেশ রূপান্তরকে বলেন, ‘হাইকোর্ট জানতে চেয়েছিলেন তার (মনিরুল) বিষয়ে আমাদের পদক্ষেপ কী? আমরা বলেছি, গত ১৭ আগস্ট থেকে বিধি মোতাবেক অনুসন্ধান শুরু হয়েছে। আদালত সম্ভব হলে তিন মাসের মধ্যে তা শেষ করতে বলেছেন।’
