রেকর্ড গড়তে ১১ ঘণ্টা কবরে, ২ ইউটিউবার সহোদর গ্রেপ্তার

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৮:৫৫ পিএম

২৪ ঘণ্টা কবরে থেকে রেকর্ড গড়ার চ্যালেঞ্জ নিয়ে কবর খুঁড়ে তাতে ঢুকে ছিলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর ইউটিউবার মিজানুর রহমান রনি ওরফে মুসাফির মিজান (২৪)। কবরে ঢোকার আগে সেখানে ব্যবস্থা করা হয়েছিল বৈদ্যুতিক বাতি ও ফ্যান, কাঁথা-কম্বল, বালিশ, খাবার, পানির বোতল, ভিডিও ধারণের জন্য অ্যাকশন ক্যামেরা এবং মোবাইল ফোন। একইসাথে প্লাস্টিকের পাইপ দিয়ে কবরে অক্সিজেন ঢোকানোর ব্যবস্থাও রাখা হয়েছিল।

কবরে ঢোকার করার পর ইউটিউবার মিজানের বড় ভাই আবু হাসান কবরের উপরে মাটি চাপা দিয়ে ঢেকে দেয়ার দৃশ্য ভিডিও করেন।

রবিবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে মিজনুর রহমান রনি কবরে প্রবেশ করেন। এরপর কেটে যায় ১১ ঘণ্টা। খবরটি ছড়িয়ে পড়লে থানা পুলিশ গিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাকে কবর থেকে বের করে নিয়ে আসে। 

সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর থানার এসআই শামীম হাসান তাকে কবর থেকে বের করে আনেন। এ ঘটনায় ইউটিউবার মুসাফির মিজান ও তার ভাই আবু হাসানকে (২৮) গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়।

আটক দুই সহোদর শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের মোকছেদ আলীর ছেলে। মোকছেদ আলী স্থানীয় মাদ্রাসায় চাকরি করেন। ইউটিউবার মিজান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চলতি বছর ডিপ্লোমা পাস করেছেন।

এদিকে সোমবার বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে ইউটিউবারের মিজানের বাড়িতে গিয়ে জানা যায়, বাড়ির উঠানে কবর খুঁড়ে তাতে রোববার রাত ১১টার দিকে প্রবেশ করেছিলেন মিজানুর। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চ্যাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল থেকে কবরের পাশে শতশত লোক ভিড় জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শাজাহানপুর থানার এসআই শামীম হাসান ও পুলিশ সদস্যরা। তখন কবর থেকে ইউটিউবার মিজান উঠে আসেন, এসময় তার হাতে ছিল অ্যাকশন ক্যামেরা।

এসব তথ্য নিশ্চিত করে শাজাহানপুর থানার এসআই শামীম হাসান জানান, এ ঘটনায় ইউটিউবার মিজানুর রহমান ও তার বড় ভাই আবু হাসানকে আটক করে থানায় নিয়ে আসা যায়। প্রাথমিকভাবে জানা গেছে কবরের অভিজ্ঞতা ইউটিউবে শেয়ার করার জন্য তিনি এই ভিডিও করেছেন। তার ইউটিউবে নিজস্ব চ্যানেল রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত