বরগুনার তালতলী উপজেলায় আওয়ামী লীগ এবং বিএনপির দুটি পক্ষ একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা করায় সংঘাত-সংঘর্ষ এড়াতে সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
গতকাল সোমবার দুপুর ১টার দিকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ২২ আগস্ট বিকেল ৩টায় তালতলী মালীপাড়া সালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। একই সময় বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা ওই মাদ্রাসার পাশে হাইস্কুল রোডের বটতলা মোড়ে পৃথক কর্মসূচি ঘোষণা করেন।
অন্যদিকে বড়বগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে মাদ্রাসার সামনে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ওই এলাকায় আইন-শৃঙ্খলা বিঘ্নসহ অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা দেখা দেয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সাদিক তানভীর বলেন, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়া হয়েছে। এতে করে সংঘাতের আশঙ্কা রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্ভাবনা রয়েছে বিধায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
