৪৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশীর আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ কমিশনের উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী মামলাটি করেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশীর আহমেদ অবৈধ উপায়ে বিভিন্ন অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে এসব সম্পদের মালিক হয়েছেন। দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি ১ কোটি ৭৬ লাখ ১০ হাজার ৫৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। এ ছাড়া দুদকের অনুসন্ধানে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৪১ কোটি ৮৭ লাখ ৯১ হাজার ৬৫৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া গেছে।
