‘সিন্ডিকেটের পক্ষে সরকার সংশ্লিষ্টরা কথা বলে’

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৭:০২ এএম

খামারের ৯৭% লোক অশিক্ষিত এবং এরা বাজার বিষয় জানেন না বলে সবাই ডিলারের ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন প্রান্তিক খামারিরা। তারা বলেন, আমাদের পক্ষ থেকে কথা বলার কেউ নেই। করপোরেট কোম্পানির যারা পোলট্রির বাজারে একক সিন্ডিকেট গড়ে তুলেছে শুধু তাদের পক্ষে সরকারের সংশ্লিষ্ট লোকেরা কথা বলে। বাজার মহল্লায় গিয়ে পোলট্রির খামারি ও দোকানিদের জরিমানা করে। কিন্তু ৬০ হাজার কোটি টাকার পোলট্রির বাজার ও ব্যবসায়ীদের জন্য গত ৪০ বছরে সরকার কিছুই করেনি।

গতকাল সোমবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) ‘পোলট্রি শিল্পের বর্তমান সংকট’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় এসব মন্তব্য করেন বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা কমিটির নেতা ও প্রান্তিক পোলট্রি খামারিরা।

এতে প্রধান আলোচক ছিলেন পানিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মোসাদ্দেক হোসেন।

ডা. মোসাদ্দেক হোসেন বলেন, পোলট্রি খামারি যারা আছি আমরা দেশের ৮৫% প্রাণিজ আমিষ সরবরাহ করে থাকি। পোলট্রি শিল্পকে টিকিয়ে রাখতে হলে প্রোডাকশন খরচ কমাতে সরকারকে এগিয়ে আসতে হবে।

পোলট্রির বাজার ধ্বংসকারী করপোরেট সিন্ডিকেটকে রুখতে একটি ‘ডিম বিপণন’ কমিটির ঘোষণা দিয়ে ডা. মোসাদ্দেক হোসেন আরও বলেন, গত কয়েক মাসে খাদ্য-ওষুধের দাম কয়েক দফা বেড়েছে। আর তাতে অনেক খামারি লোসকান গুনে খামার ব্যবসা বন্ধ করে দিয়েছেন। এর মধ্যেও যারা এখনো ব্যবসা চালিয়ে যাচ্ছেন তা করপোরেট সিন্ডিকেট কমিটির কারণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এর জন্য আমরা একটি ‘ডিম বিপণন’ কমিটি গঠন করব। যাতে করে সিন্ডিকেটের হাতে খামারিদের লাভের অংশ চলে না যায়।

বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা কমিটির বরিশালের সমন্বয়ক আব্দুর রহমান গাজী বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে খামারগুলোতে ৩-৫% মরটালিটি হয়েছে। আর এর জন্য সারা দেশের খামারগুলোতে ৫ শতাংশ মুরগি মারা যাওয়াতে খামারিরা অনেক লোকসানের মুখে পড়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত