ফেনীর পরশুরামে আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২২ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধির এ ধারা বহাল থাকবে।
নির্বাহী কর্মকর্তার ওই আদেশে বলা হয়, মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরশুরাম স্টেশন রোডে বিএনপির অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে বিএনপি। একই সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পরশুরাম বাজারসহ আশপাশের এলাকায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে। দুপক্ষের পাল্টাপাল্টি এ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপি আজ সকাল ৯টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। উপজেলা বিএনপির কর্মসূচিতে একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকার কথা ছিল বলে জানান তিনি।
অপরদিকে, একই স্থানে বাজারের স্টেশন রোডে উপজেলা ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করে।
এবিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে একই স্থানে উপজেলা বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ১৪৪ ধারা জারি করার পরপরই পুলিশি টহল জোরদার করা হয়েছে।
