প্রেসিং ফুটবল কৌশলের জন্য সাইড বেঞ্চে ছিলেন রোনালদো

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৫:৫১ পিএম

টানা দুই ম্যাচে হার দিয়ে গত ১০০ বছরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো কোচকেই। কিন্তু টেনি হাগকে সেই স্বাদ নিতে হয়েছে। তৃতীয় ম্যাচে কঠিন প্রতিপক্ষ লিভারপুল। যারা গত কয়েক বছরে ফিরিয়ে এনেছে নিজেদের সোনালি দিনের সুখস্মৃতি। জয়ের জন্য মরিয়া টেন হাগ সেই ম্যাচেই নিলেন সাহসী এক সিদ্ধান্ত। চার পরিবর্তন নিয়ে নামেন মাঠে। সবচেয়ে সাহসী সিদ্ধান্ত ক্রিশ্চিয়ানো রোনালদোকেও সাইড বেঞ্চে বসিয়ে রাখেন কোচ।

বড় প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে বড় ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়কে বাইরে রাখলেন! অ্যান্থনি এলাঙ্গা, জেডন সানচো ও মার্কাস রাশফোর্ডকে দিয়ে আক্রমণভাগ সাজিয়ে ২-১ গোলের জয়ে টেন হাগ অবশ্য নিজের এমন সিদ্ধান্তের যৌক্তিকতাও প্রমাণ করেছেন। এ ম্যাচের আগে ওয়েইন রুনির মতো সাবেকরাও বলেছিলেন, আক্রমণভাগে গতি সঞ্চার করতে রোনালদোকে বসিয়ে রাখা উচিত।

বড় ম্যাচে বসিয়ে কি রোনালদোকে চলে যাওয়ার বার্তাই দিলেন টেন হাগ? নাকি ৩৭ বছর বয়সী বলেই তাকে নিয়ে বড় ম্যাচে ভাবতে চান না কোচ? আসলে এর কিছুই না। খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর চিন্তা থেকেই রোনালদোকে একাদশের বাইরে রেখেছেন বলে দাবি টেন হাগের।

জয়ের পর গণমাধ্যমকর্মীদের বলেছেন, ‘সিদ্ধান্ত তো আমাকেই নিতে হয়। একটা স্কোয়াড আছে, যা ভালোভাবে ব্যবহার করতে হবে। ৫০-৬০টি ম্যাচ খেলতে হবে, ম্যাচ ধরে ধরে আমরা দেখব কোন দল গড়া যায়। হ্যারি ম্যাগুয়ার কিংবা রোনালদোকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তারা অসাধারণ খেলোয়াড়। নিকট ভবিষ্যৎ ছাড়াও সামনের দিনগুলোতে তাদের ভূমিকা রাখার জায়গা থাকবে।’

লিভারপুলের বিপক্ষে টেন হাগ ‘প্রেসিং ফুটবল’ খেলাতে চেয়েছেন। সে কারণেই রোনালদো টেন হাগের প্রথম পছন্দ ছিলেন না আক্রমণভাগে, ‘আমরা জানি, লিভারপুল খুব ভালো দল এবং তাদের বিপক্ষে চাপ বিস্তার করে খেলতে হয়। এটা করতে হলে (আক্রমণভাগে) শক্তির প্রয়োজন। এ কারণে আমরা রাশফোর্ড, সানচো ও এলাঙ্গাকে বেছে নিয়েছি।’ ম্যাচের ৮৬ মিনিটে রাশফোর্ডকে তুলে রোনালদোকে বদলি হিসেবে মাঠে নামান টেন হাগ।

রোনালদোর ৩৭ বছর বয়সের প্রতিবন্ধকতাকেও উড়িয়ে দিলেন টেন হাগ, ‘বয়স কোনো সমস্যা নয়। বয়স হয়ে যাওয়ার পরও ভালো খেললে, পারফর্ম করলে তাকে ভালো বলতেই হবে।’ কথাটা ঠিক হলেও একটি প্রশ্ন থেকে যায়। রোনালদোর বয়সের ভার যদি প্রতিবন্ধকতা না-ই হবে, তাহলে আক্রমণভাগে গতি সঞ্চারের জন্য টেন হাগ তুলনামুলক কম বয়সী খেলোয়াড় বেছে নিলেন কেন?

ইউনাইটেড কোচ হিসেবে টেন হাগের নিয়োগ চূড়ান্ত হওয়ার পর থেকেই তাঁর খেলার কৌশলের সঙ্গে রোনালদো মানিয়ে নিতে পারবেন কি না, এ নিয়ে আলোচনা হচ্ছিল। কাল সংবাদকর্মীরা একই প্রশ্ন তুললে টেন হাগ উত্তর দিয়েছেন, ‘আমার মনে হয়, সে পারবে (মানিয়ে নিতে)। সে অনেক কোচের অধীনই খেলেছে এবং বিভিন্ন ধরনের খেলার কৌশলের সঙ্গে মানিয়েও নিয়েছে। পারফর্ম তো সে সব সময়ই করছে, তাহলে কেন পারবে না?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত